মাথায় আঘাত, বেঁচে গেলেন সিলভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেলমেটই বাঁচিয়ে দিল কুশল সিলভাকে। ফাইল ছবি
হেলমেটই বাঁচিয়ে দিল কুশল সিলভাকে। ফাইল ছবি

হেলমেট পরেই ফিল্ডিং করছিলেন শর্ট লেগে। সজোরে একটা বল এসে লাগল ঠিক মাথায়। কুশল সিলভা এক মুহূর্তের জন্য সংবিৎ হারিয়ে ফেলেছিলেন। এর পরেই জ্ঞান হারানোর লক্ষণ দেখা দিল তাঁর মধ্যে। সঙ্গে সঙ্গেই সিলভাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। পরে সিটি স্ক্যানে দেখা গেল গুরুতর কিছু হয়নি। তবে শ্রীলঙ্কান ব্যাটসম্যানকে এখনো পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শর্ট লেগে ফিল্ডিং করতে গিয়ে মাথায় আঘাত পেয়ে মৃত্যুর ঘটনা ক্রিকেটে আগেও ঘটেছে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলতে এসে এই করুণ পরিণতি হয়েছিল ভারতীয় ক্রিকেটার রমন লাম্বার। তা ছাড়া ফিল হিউজের মর্মান্তিক মৃত্যুর পর এ ধরনের ঘটনা আতঙ্কিত করে তোলে। আশার কথা, সিলভা বড় বাঁচা বেঁচে গেছেন। একটু এদিক-ওদিক হলে বিপদ হয়তো বাড়ত।

কাল শ্রীলঙ্কার পাল্লেকেলের একটা অনুশীলন ম্যাচে এই ঘটনা ঘটেছে। হেলমেট পরেই ফিল্ডিং করছিলেন সিলভা। কিন্তু বলটা তাঁর হেলমেটের ঠিক নিচের দিকের অংশে লাগে। বছর খানেকের বেশি সময় আগে হিউজের মৃত্যুর পর হেলমেট নতুন করে নকশা করা হয়। নতুন হেলমেটে মাথার আঘাত থেকে রক্ষার জন্য বাড়তি সুরক্ষা ছিল। সিলভার সতীর্থরা জানাচ্ছেন, তিনি সে রকমই একটা হেলমেট পরে নেমেছিলেন। সেটার জন্যই আঘাতটা কম হয়েছে। নইলে আরও গুরুতর কিছু হতে পারত। 

বেলা সাড়ে তিনটার সময় এই ঘটনা ঘটে। শুরুতে ক্যান্ডির একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সিলভাকে। কিন্তু পরে সেখান থেকে হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে কলম্বোর একটা হাসপাতালে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানেই আছেন।
আগামী ৩ মে ইংল্যান্ডের সঙ্গে শুরু হচ্ছে সিরিজ। তার আগে দুই দিনের এই প্রস্তুতি ম্যাচে খেলছিলেন সিলভা। টেস্ট দলে তাঁর জায়গা পাওয়ারও কথা ছিল।