মাথায় বলের আঘাত, স্ট্রেচারে করে হাসপাতালে গেলেন রাসেল

পিএসএলে খেলতে নেমেই আঘাত পেয়েছেন আন্দ্রে রাসেল।ছবি: পিএসএল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কাল নিজের প্রথম ম্যাচ খেলতে নামেন আন্দ্রে রাসেল। কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের ১৩তম ওভারে ব্যাট করতে নামেন তিনি।

ইসলামাবাদের পেসার মোহাম্মদ মুসাকে পরের ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে টানা দুই ছক্কা মেরে ঝড়ের আভাস দিয়েছিলেন এই ক্যারিবিয়ান। খাটো লেংথের চতুর্থ বলটি পুল করতে গিয়ে ব্যাটে লাগাতে পারেননি।

বল আঘাত হানে তাঁর হেলমেটে কান বরাবর। হেঁটে স্কয়ার লেগ অঞ্চলে গিয়ে বসে পড়েন রাসেল। তখন মাঠে ছুটে যান কোয়েটার ফিজিও।

প্রাথমিক চিকিৎসার পর ফিজিওর কাছ থেকে খেলার ছাড়পত্র পেয়ে আবারও উঠে দাঁড়ান রাসেল। তখন মনে হয়েছে, আঘাতটা হয়তো তেমন জোরালো নয়। পরের বলেই মুসাকে তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হন তিনি।

৬ বলে ১৩ রান করে ড্রেসিংরুমে ফেরার পর আঘাতটা টের পান রাসেল। ইনিংস বিরতির সময় তাঁর ‘কনকাশন–সাব’ হিসেবে পেসার নাসিম শাহকে মাঠে নামায় কোয়েটা। কিন্তু অলরাউন্ডার রাসেলের কনকাশন বদলি হিসেবে একজন পেসারকে নামানোর সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ইসলামাবাদ অধিনায়ক শাদাব খান।

ইসলামাবাদ ব্যাটিংয়ে নামার আগে এ নিয়ে আম্পায়ার আলিম দারের সঙ্গে কথাও বলেন তিনি। সে যা–ই হোক, ইসলামাবাদের ইনিংসে প্রথম ওভারের সময় রাসেলকে স্ট্রেচারে করে ড্রেসিং রুম থেকে বের করে অ্যাম্বুলেন্সে তোলা হয়। হাসপাতালে নিয়ে স্ক্যান করা হয় তাঁর মাথায়।

কনকাশন বদলির নিয়ম হলো, বদলি খেলোয়াড়কে একাদশের বাইরের হতে হবে। যে খেলোয়াড় বদলি হিসেবে নামবেন, তিনি দক্ষতায় আঘাত পাওয়া খেলোয়াড়ের মতো (লাইক ফর লাইক) কি না, সে বিষয়ে একমত হতে হবে ম্যাচ রেফারিকে। রাসেল পেস অলরাউন্ডার হলেও নাসিম পুরোপুরি পেসার।

আঘাত পাওয়ায় রাসেল ফিল্ডিংয়ে নেমে নিজের চার ওভার বল করতে পারবেন না, বিষয়টি ভেবে সম্ভবত একজন পেসারকে বদলি হিসেবে নামানোয় সম্মতি দিয়েছেন ম্যাচ রেফারি। যদিও ইসলামাবাদের ইনিংসে প্রথম ওভারে ১৯ রান দেওয়ার পর আর বল করেননি নাসিম শাহ। কোয়েটার ১৩৩ রান তাড়া করতে নেমে মাত্র ১০ ওভারেই ১০ উইকেটের জয় তুলে নেয় ইসলামাবাদ। ২৭ বলে ৪০ রানে অপরাজিত ছিলেন উসমান খাজা। ৩৬ বলে ৯০ রানে অপরাজিত ছিলেন কলিন মানরো।

স্ট্রেচারে করে রাসেলকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। পরে হাসপাতালে নেওয়া হয়।
ছবি: টুইটার

পিএসএলের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো দল রান তাড়া করতে নেমে ইনিংসের অর্ধেকসংখ্যক ওভারেই জয় তুলে নিল। করোনায় স্থগিত হওয়া পিএসএলের বাকি অংশ ৯ জুন থেকে শুরু হয়েছে আবুধাবিতে।