মাদক খুঁজতে ব্যাট ফুটো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিমন্সের ব্যাটে এভাবেই ফুটো করে মাদক খুঁজেছে যুক্তরাষ্ট্রের শুল্ক বিভাগের কর্মকর্তারা
সিমন্সের ব্যাটে এভাবেই ফুটো করে মাদক খুঁজেছে যুক্তরাষ্ট্রের শুল্ক বিভাগের কর্মকর্তারা

ক্রিকেটের সঙ্গে খুব বেশি সখ্য নেই যুক্তরাষ্ট্রের। জনপ্রিয়তা প্রায় নেই বললেই চলে। ক্রিকেটারদের নামধাম জানা তো অনেক দূরের কথা, খেলাটির উপকরণগুলো সম্পর্কেও স্পষ্ট ধারণা নেই অনেকের। যুক্তরাষ্ট্রের শুল্ক বিভাগের কর্মকর্তাদের কাজ দেখে তো তেমনটাই মনে হচ্ছে।
সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের একটি ম্যাচ খেলার জন্য যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে ভ্রমণ করতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান লেন্ডল সিমন্সকে। সেখানে এক শুল্ক কর্মকর্তার মনে হয়েছিল ক্রিকেট ব্যাটের মধ্যে অবৈধ মাদক পাচার করা হতে পারে। সন্দেহ দূর করার জন্য ব্যাটের বেশ কয়েক জায়গায় ফুটো করে চালানো হয়েছে পরীক্ষা-নিরীক্ষা। বলা বাহুল্য যে কিছু পাওয়া যায়নি। মজার এ ঘটনাটাই পরে টুইটারে জানিয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম। দুজনে একসঙ্গেই খেলছেন গায়ানা অ্যামাজন ওরিয়র্সের হয়ে। সিমন্সের সেই ফুটো হওয়া ব্যাটটির ছবি দিয়ে নিশাম টুইটারে লিখেছেন, ‘কল্পনা করুন যে আপনি ক্রিকেট সামগ্রী নিয়ে আমেরিকা গেছেন আর সেখানে তারা আপনার ব্যাট ফুটো করে মাদক খুঁজছে...’
নিশামের টুইট দেখে প্রথমে মনে হয়েছিল ব্যাটটা বোধ হয় তাঁর নিজেরই। পরে এই কিউই অলরাউন্ডার আরেকটি টুইটের মাধ্যমে জানিয়েছেন যে ফুটো হওয়া ব্যাটটা তাঁর সতীর্থ সিমন্সের। নিশাম নিজের ব্যাটটা অক্ষত অবস্থাতেই বের করেছেন যুক্তরাষ্ট্র থেকে।—ক্রিকইনফো