মাদুগালের '১৫০'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রঞ্জন মাদুগালে
রঞ্জন মাদুগালে

ওভালে ভারত-ইংল্যান্ড টেস্টম্যাচের মাঠের খবর তো সবাই জানেন। কিন্তু এই ম্যাচ মাঠের বাইরে যে এক অনন্য অর্জন দেখছে, সে খবর কয়জন রাখেন? এই টেস্টেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করে ১৫০তম টেস্টে দায়িত্ব পালন করার গৌরবের অধিকারী হয়েছেন শ্রীলঙ্কান ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।
টেস্ট ক্রিকেটে লঙ্কানদের শুরুর দিকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন তিনি। অধিনায়কেরও দায়িত্ব পালন করেছেন। দেশের হয়ে ১৯৮২ থেকে ১৯৮৮ সময়কালের মধ্যে খেলেছেন ২১টি টেস্ট। অভিষেকটা অবশ্য হয়েছিল আরও আগেই। সীমিত ওভারের ম্যাচ খেলেছেন ৬৩টি। ২১ টেস্টে মোট রান এক হাজার ২৯। ওয়ানডে ক্রিকেটে অবশ্য তাঁর ব্যক্তিগত সংগ্রহ হাজার ছোঁয়নি।
আশির দশকের একেবারে শেষের দিকে এসে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর থেকেই কর্মকর্তা হিসেবে জড়িয়ে যান খেলাটার সঙ্গে। ১৯৯৩ সালে করাচিতে পাকিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করার মধ্য দিয়ে যে পথ চলা শুরু করেছিলেন, কাল ওভালে ভারত ও ইংল্যান্ড টেস্টে সেই পথচলা দেখল ১৫০ এর মাইলফলক।
এই অসাধারণ অর্জনের প্রতিক্রিয়ায় মাদুগালে কেবল একটি কথাই বলেছেন, ‘ক্রিকেট আমাকে অনেক কিছুই দিয়েছে। খেলোয়াড় হিসেবেও আমি ক্রিকেটের কাছ থেকে অনেক কিছুই পেয়েছি। খেলা ছাড়ার পরেও ক্রিকেট আমাকে ছাড়েনি। দিয়ে যাচ্ছে দুহাত ভরেই।’ পিটিআই।