‘মানকাড’ আউট নিয়ে ব্যাটসম্যানদের সতর্ক করলেন শ্রীনাথ

আইসিসির ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত আইপিএলে রবিচন্দ্রন অশ্বিনের ‘মানকাড’ আউট নিয়ে কম কথা হয়নি। রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান জস বাটলারকে রানআউট করে প্রচণ্ড সমালোচিত হয়েছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবে খেলা অফ স্পিনার অশ্বিন। এত দিন পর সেই আউট নিয়ে আবারও কথা বললেন জাভাগাল শ্রীনাথ। আইসিসির ম্যাচ রেফারি এবং ভারতের সাবেক পেসার এই আইনের সুবিধা নিয়ে ক্রিকেটীয় চেতনা নষ্ট করতে নিষেধ করেছেন ব্যাটসম্যানদের।

সেদিন আইপিএলের ম্যাচে কি হয়েছিল? বোলিং করার সময় ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়া ব্যাটসম্যান বাটলারকে রানআউট করেন অশ্বিন, যা অনেকেই মানতে পারেননি। কিন্তু বোলার বল ছাড়ার আগে প্রায়ই কয়েক গজ এগিয়ে যান ব্যাটসম্যান। বোলাররা খেয়াল করতে পারলে হয়তো সতর্ক করে দেন। কিন্তু ব্যাটসম্যানদের এভাবে এগিয়ে যাওয়াটাকে ভালো চোখে দেখেন না শ্রীনাথ। অশ্বিন তো এর ঘোর বিরোধী। তাই সেদিন সুযোগ পেয়ে বাটলারকে আউট করেছিলেন এই অফ স্পিনার। এভাবে বল করার আগেই আউট করাই ‘মানকাড’ আউট নামে পরিচিতি।

সম্প্রতি এক ইউটিউব টকশো অনুষ্ঠানে শ্রীনাথ ব্যাটসম্যানদের ক্রিজ না ছাড়ার পরামর্শ দেন, ‘বোলার যখন বল করেন তখন তার সব মনোযোগ থাকে ব্যাটসম্যানের প্রতি। নন স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটসম্যানের বল ছোড়ার আগ পর্যন্ত ক্রিজে থাকা উচিত, কারণ সে ব্যাট করছে না। বা সে অন্য কিছুও ভাবছে না। তাই ব্যাটসম্যানের ক্রিজ ছাড়া উচিত না এবং বোলারেরও শুধু বোলিংয়ে মন দেওয়া উচিত।’

ব্যাটসম্যানদের সতর্ক করে শ্রীনাথ বলেন, ‘যদি ব্যাটসম্যান অনৈতিক সুবিধা নেয় এবং সে যদি রানআউট হয় তাহলে আমি বলব ঠিকই আছে। আমি এতে কোনো দোষ দেখি না। নিয়মগুলো বহু আগেই বানানো হয়েছে এবং অনেকবার জানানো হয়েছে। এটা শুধু টি-টোয়েন্টির বেলায় নয়, সব সংস্করণের ক্ষেত্রেই। বল যতক্ষণ না ডেলিভারি হচ্ছে ততক্ষণ ব্যাটসম্যানের দায়িত্ব ক্রিজের ভেতর থাকা।’

সহানুভূতি পাওয়ার চেষ্টা করো না (এভাবে আউট হয়ে কোনো )। ক্রিকেটীয় চেতনার কথাও তুলো না। খেলার চেতনাটা অন্য প্রান্তে থাকা রানারের সঙ্গে জড়িয়ে থাকে। সে এভাবে ক্রিজ ছেড়ে বেরিয়ে যেতে পারে না।
জাভাগাল শ্রীনাথ

ব্যাটসম্যানদের ক্রিকেটীয় চেতনা না ভাঙার উপদেশ শ্রীনাথের, ‘সহানুভূতি পাওয়ার চেষ্টা করো না (এভাবে আউট হয়ে কোনো )। ক্রিকেটীয় চেতনার কথাও তুলো না। খেলার চেতনাটা অন্য প্রান্তে থাকা রানারের সঙ্গে জড়িয়ে থাকে। সে এভাবে ক্রিজ ছেড়ে বেরিয়ে যেতে পারে না। সে যদি এমনটা করে তাহলে সে নিজেই ক্রিকেটের চেতনা মানছে না। আমি বিশ্বাস করি ব্যাটসম্যানের ক্রিজেই থাকা উচিত।’

যদি সুযোগ পান এভাবে আবারও কি আউট করবেন অশ্বিন? অন্তত এবারের আইপিএলেও সেটা করতে পারেন অশ্বিন। কারণ তাঁকে পুরো সমর্থন করছেন অশ্বিনের নতুন দল দিল্লি ক্যাপিটালের মালিক পার্থ জিন্দাল। গালফ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জিন্দাল বলেছেন, ‘নিয়ম হচ্ছে নিয়ম। আর প্রত্যেক ব্যাটসম্যানকেই সেই নিয়ম মানা উচিত।’

তাহলে অশ্বিনের বোলিংয়ের সময় একটু বাড়তি সতর্কই থাকতে হবে প্রতিপক্ষের নন স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যানকে!