
অসুস্থ কন্যার পাশে থাকবেন বলে লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। এজবাস্টনে তৃতীয় টেস্টে বাদ পড়ে গেলেন দল
থেকেই। যেটিতে ৩৭ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটসম্যানের ক্যারিয়ারেরই শেষ দেখে ফেলছেন প্রায় সবাই। হাডিনের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তবে অস্ট্রেলিয়ান নির্বাচকদের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করছেন অস্ট্রেলিয়ান সাবেকেরা।
সাবেক অধিনায়ক রিকি পন্টিং তো হাডিনের এমন বিদায় মেনেই নিতে পারছেন না। দ্য অস্ট্রেলিয়ান পত্রিকায় নিজের কলামে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক লিখেছেন, ‘এজবাস্টনে হাডিনকে বাদ দেওয়ার সিদ্ধান্তে আমি হতাশ। লর্ডসে তার খেলার কথা ছিল। কিন্তু সে তার কন্যার পাশে থাকার সিদ্ধান্ত নেয়। যেটি একমাত্র এবং সঠিক সিদ্ধান্ত। কারণ ওর মেয়ে খুব অসুস্থ ছিল। আমি জানি এটা ওর জন্য খুব কঠিন সিদ্ধান্ত ছিল। সে অস্ট্রেলিয়ান ক্রিকেটের একনিষ্ঠ সেবক। কিন্তু পরিবারকে আগে রাখার সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে ওকে মূল্য দিতে হলো। আমি জানি, হাডিন এ নিয়ে কোনো অভিযোগ করবে না। কিন্তু আমি সিদ্ধান্তটা মানতে পারছি না।’
কার্ডিফের দুই ইনিংসে হাডিনের রান ২২ ও ৭। শূন্য রানে জো রুটের ক্যাচ ছেড়েছিলেন। সেই রুটই পরে দুর্দান্ত সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন। সর্বশেষ ১২ টেস্টে কোনো সেঞ্চুরি নেই, হাফ সেঞ্চুরিও মাত্র একটি। হাডিনকে বাদ দেওয়ার কারণ হিসেবে এই বাজে ফর্মের কথাই বলেছেন অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির প্রধান রডনি মার্শ, ‘সে দারুণ খেলোয়াড়, কিন্তু সর্বশেষ ১২ টেস্টে ওর গড় ১৫ (১৫.২৩)। নিচের দিকে আমাদের রান দরকার। আর কার্ডিফে সে কিপিংও ভালো করেনি, এটা সে নিজেও স্বীকার করবে। আর নতুন ছেলেটা (পিটার নেভিল) তো লর্ডসে খুব ভালো করেছে। সুতরাং আমার মনে হয়, আমাদের সামনে আর কোনো বিকল্প ছিল না।’
মার্শের সঙ্গে পন্টিংয়ের দৃষ্টিভঙ্গির একটু তফাত আছে। পন্টিং সাম্প্রতিক অতীতকে ছাড়িয়ে তাকাতে চান আরেকটু পেছনে, ‘সর্বশেষ অ্যাশেজে সে প্রায় ৬২ গড়ে ৪৯৩ রান করেছিল। পুরো সিরিজে ওর চেয়ে বেশি রান ছিল শুধু ডেভিড ওয়ার্নারের (৫২৩), যে হাডিনের চেয়ে দুটি ইনিংস বেশি খেলেছিল।’
হাডিনকে বাদ দেওয়ার সিদ্ধান্তে পন্টিংয়ের মতোই হতাশ সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার ইয়ান হিলিও, ‘আমি মনে করি হাডিনের প্রতি এটা বেশ রূঢ় আচরণ। আমি হলে তাকে কার্ডিফের পারফরম্যান্স পেছনে ফেলে ফিরে আসার সুযোগ দিতাম। তারপর হয়তো সিরিজ শেষে, কিংবা নিজেকে ফিরে না পেলে, আমরা পিটার নেভিলের কাছে যেতে পারতাম।’
এ দুজনের চেয়েও কড়া ভাষায় নির্বাচকদের সমালোচনা করেছেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেইডেন, ‘যেকোনো বাবা-মা, যারা ব্র্যাড-কারিনার মতো অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন, বুঝতে পারবেন যে সে লর্ডসে খেলার মতো অবস্থায় ছিল না। নির্বাচকেরা কী ধরনের উদাহরণ তৈরি করছেন? পরিবারকে প্রাধান্য দেওয়ার যে কথাটা বলা হয়, তা কি তাহলে মানা হলো? ব্র্যাড তার পরিবারকে প্রাধান্য দিয়ে দেখল, হঠাৎ করেই তাকে বাদ দেওয়া হয়েছে! কখনো কখনো দল নির্বাচনের সময় হৃদয়ের কথা শোনা উচিত।’
অস্ট্রেলীয় নির্বাচকদের অবশ্য কোনোকালেই এই ‘দুর্নাম’ ছিল না! এএফপি।