মানতে পারছেন না রমিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে, টি-টোয়েন্টির পর টেস্ট। বদলে যাওয়া বাংলাদেশের বিজ্ঞাপন চলছে সব ধরনের ক্রিকেটে। ঘুরে দাঁড়ানো ড্রয়ের খুলনা টেস্ট যেন সেই বদলে যাওয়া বাংলাদেশেরই রূপ দেখাল বিশ্বকে। তামিমের ডাবল সেঞ্চুরি, ইমরুলের ১৫০, দ্বিতীয় ইনিংসে ওপেনিং জুটিতে বিশ্ব রেকর্ড, আরও কত প্রাপ্তি! শুধু ব্যাটে-বলে নয়, বাগ্যুদ্ধেও হার মানেনি বাংলাদেশ। পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজকে পাল্টা জবাব দিয়ে সাকিব বুঝিয়ে দিয়েছেন, এই বাংলাদেশ এখন কাউকেই ভয় পায় না। আর এই বাংলাদেশকে দেখেই বোধ হয় বড় ধাক্কা খেয়েছেন সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান রমিজ রাজা। আঁতে ঘা লেগেছে তাঁর। আরেক সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ এ ঘটনার উদাহরণ টেনে প্রশংসাও করেছেন বাংলাদেশের।
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত সেই স্পেল আর আগ্রাসী শরীরী ভাষা দিয়ে ওয়াহাব মুগ্ধ করেছিলেন অনেককে। বল হাতে সেদিন শেন ওয়াটসনকে ভুগিয়েছেন, কিন্তু এই সিরিজে এসে বাংলাদেশি ব্যাটসম্যানদের সেভাবে কোনো সমস্যাতেই ফেলতে পারেননি। আর পরশু আগ্রাসী শরীরী ভাষা দেখাতে গিয়ে তো উল্টো আগ্রাসন দেখেছেন সাকিবের। তাঁর কথার জবাবে সাকিবও আঙুল উঁচিয়ে চোখে চোখ রেখে পাল্টা জবাব দিয়েছেন। ম্যাচের পর পাকিস্তানি এক টেলিভিশনের কাছে ওই প্রসঙ্গটা টেনে রমিজ রাজা বলেছেন, ‘এমনও দিন দেখতে হলো, যে বাংলাদেশের খেলোয়াড়েরা পাকিস্তানের খেলোয়াড়দের চোখে চোখ রেখে কথা বলছে।’
ভারতে আইপিএলে ধারাভাষ্য দিতে ব্যস্ত রমিজ বাংলাদেশের পাল্টা আগ্রাসন দেখে একটা ধাক্কাই খেয়েছেন। আর সেই ক্ষোভ ঝেড়েছেন নিজের দেশের পারফরম্যান্সের কড়া সমালোচনা করে। তবে সেখানেও রয়েছে বাংলাদেশের প্রতি অবজ্ঞা, ‘৩০০ রানের মতো লিড পাওয়ার পরও আমাদের দল যে বাংলাদেশকে ৫৫০ রানের বেশি করার সুযোগ দিল এটা খুবই হতাশার। জানি না আমাদের দেশের ক্রিকেট কোথায় যাচ্ছে। আমরা যদি টেস্টে বাংলাদেশকেই না হারাতে পারি, তাহলে আমরা কোথায় যাচ্ছি? এমন ধারা চলতে থাকলে কে আমাদের খেলা দেখার আগ্রহ পাবে বা আমাদের খেলতে ডাকবে?’ পরে যোগ করেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটে অনেক উন্নতি করেছে ঠিকই। কিন্তু ৩০০ রানের লিড নিয়েও যদি আমাদের বোলাররা ওদের চাপে ফেলতে না পারে তাহলে আর করবেটা কী! বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে যেভাবে ব্যাট করেছে, সেটা পাকিস্তানের জন্য শিক্ষা হতে পারে।’
বাংলাদেশের বিপক্ষে এই ড্রকেই হারের মতো মনে হচ্ছে আরেক সাবেক পাকিস্তানি মোহাম্মদ ইউসুফের, ‘আমরা ড্র করিনি, আমরা আসলে বাংলাদেশের কাছে হেরে গেছি। সাবেক পাকিস্তানি ক্রিকেটারদের জন্য এটা খুবই হতাশাজনক।’ সাকিব আর রিয়াজের ঘটনাটির উদাহরণ টেনে ইউসুফ বলেছেন, ‘সাকিব আর রিয়াজের মধ্যে যা হয়েছে, কয়েক বছর আগে সেটা আপনি কল্পনাও করতে পারতেন না। কিন্তু এটা হয়েছে, কারণ ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে বাংলাদেশ উন্নতি করছে।’ পিটিভি, জিয়ো টিভি।