মানসিক চাপ সামলাতে পাকিস্তান সিরিজ পেছাল আফগানিস্তান

পাকিস্তান সিরিজ খেলা হচ্ছে না আফগানিস্তানেরছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল সন্ধ্যা পর্যন্ত সুখবরের ইঙ্গিতই দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ পাকিস্তানেই আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আফগানিস্তান দলকে ভিসাও রেখেছিল পাকিস্তান। এর মধ্যেই নাটকীয় মোড় নিয়েছে পরিস্থিতি। কাল রাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে আপাতত এ সিরিজটি হচ্ছে না।

এখন দ্বিপাক্ষিক সিরিজ মানেই সেটি বিশ্বকাপ সুপার লিগের অংশ। চাইলেই এখন আর সিরিজ বাতিল করা যায় না। পাকিস্তান-আফগানিস্তান সিরিজ তাই বাতিল হচ্ছে না। তবে তালেবান যুগে প্রবেশ করা আফগানিস্তানের পরিস্থিতির সঙ্গে এখনো মানিয়ে নিতে পারছেন না অধিকাংশ ক্রিকেটার। অন্য সব সমস্যার সঙ্গে খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে সিরিজ আপাতত পিছিয়ে নেওয়ার অনুরোধ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। পিসিবি সানন্দে সে প্রস্তাবে সায় দিয়েছে।

তালেবান ক্ষমতায় আসার আগেই ভালোই প্রস্তুতি নিচ্ছিলেন আফগান ক্রিকেটাররা
ছবি: টুইটার

আফগানিস্তান-পাকিস্তান সিরিজ নিয়ে এমনিতেই কম জল ঘোলা হয়নি। সিরিজটি আফগানিস্তানের হোম সিরিজ। অর্থাৎ নিজেদের মাঠে এই সিরিজ খেলার কথা। এদিকে রাজনৈতিক পরিস্থিতির কারণে আফগানিস্তান ঘরের মাঠ বানিয়েছে ভারতের দেরাদুনকে। করোনা পরিস্থিতিতে এমনিতেই এখন ভারতে আইপিএল হচ্ছে না। আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করারও সম্ভাবনা সে কারণে নেই। আর সম্ভব হলেও ভারত বিশ্বকাপ ছাড়া অন্য কোনো দ্বিপাক্ষিক সিরিজের জন্য পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা দিত কি না সে প্রশ্ন তো ছিলই।

পাকিস্তান এখন আছে ওয়েস্ট ইন্ডিজে
ফাইল ছবি: এএফপি

আফগানিস্তান তাই এ সিরিজটি শ্রীলঙ্কায় আয়োজনের ব্যবস্থা করেছিল। সেপ্টেম্বরে সে সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু এর মধ্যেই বাগড়া বাঁধিয়েছে করোনা।। এই ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় শ্রীলঙ্কায় নতুন করে লকডাউন ঘোষণা করেছে। এই লকডাউন শেষ হবে সিরিজ শুরু হওয়ার মাত্র তিন দিন আগে। সে কারণে সিরিজটি শ্রীলঙ্কা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তাই এটি পাকিস্তানে আয়োজন করার কথা উঠেছিল। কিন্তু কাল রাতে পাকিস্তান সময় রাত সাড়ে ১১টার পর পিসিবি তাদের সিরিজ পেছানোর সিদ্ধান্ত জানিয়েছে এক টুইটে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড আগামী মাসের ওয়ানডে সিরিজ পেছানোর জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাবে রাজি হয়েছে। খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য, কাবুলে ফ্লাইট সমস্যা, সম্প্রচার ব্যবস্থার অভাব এবং শ্রীলঙ্কায় করোনা বেড়ে যাওয়ায় এ প্রস্তাব দেওয়া হয়েছে। দুই বোর্ড এ সিরিজ ২০২২ সালে এই সিরিজ আয়োজনের চেষ্টা করবে।’

আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান দেশে পরিবারের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় আছেন
ফাইল ছবি: এএফপি

শ্রীলঙ্কার হামবানটোটায় এই সিরিজ হওয়ার সম্ভাবনা শেষ হয়ে যাওয়ার পরও একটা চেষ্টা করেছিল আফগানিস্তান। সড়ক পথে পাকিস্তান গিয়ে সেখানেই সিরিজ খেলার সম্ভাবনা জেগেছিল। পাকিস্তান সে প্রস্তাব ভেবে দেখলেও কার্যত যে সেটা সম্ভব নয়, সেটা সংবাদমাধ্যমে জানিয়েছিল বোর্ডের একটি সূত্র। আগে থেকে প্রস্তুতি না থাকায় করোনার মধ্যে একটি সিরিজ আয়োজনের সবকিছু এত কম সময়ের মধ্যে করা সম্ভব নয় বলেই জানিয়েছিল পিসিবির সূত্র।

এ সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছিল আফগানিস্তান। কিন্তু পাকিস্তান বোর্ডের পক্ষ থেকে কোনো প্রচেষ্টা দেখা যায়নি। ওয়ানডে সিরিজের জন্য অনুশীলন ক্যাম্পও ডাকেনি পাকিস্তান।