মানসিকতার পরিবর্তন চান হাথুরুসিংহ

দুদিন পরই ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরের আগে আজ জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহ বললেন সফরের প্রস্তুতি ও অন্যান্য প্রসঙ্গে। বাংলাদেশ কোচের চাওয়া, মানসিকতায় পরিবর্তন আনতে হবে খেলোয়াড়দের।
সাম্প্রতিক সময়ে নানা বিতর্ক ক্রিকেটারদের নিয়ে। খেলোয়াড়দের এ সমস্যা নিয়ে বাংলাদেশ কোচ বললেন, ‘আমার কাজ তাদের শেখানো। তাদের বুঝতে হবে কার কী দায়িত্ব। আপনি যদি ভালো খেলেন, তবে তারকা হবেন। আমি স্বতন্ত্রভাবে কারও সঙ্গে নয়, কথা বলেছি দলের সবার সঙ্গে।’
টেস্টে দুর্দান্ত শুরু করা মমিনুল হককে নিয়ে হাথুরুসিংহ বললেন, ‘মমিনুলের শুরুটা অসাধারণ ছিল। কিন্তু সেটি কেবলই শুরু। তার এটা বোঝা প্রয়োজন। তাকে এটিই বলার চেষ্টা করেছি। সে অসাধারণ। খেলার ধরন গতানুগতিক নয়। এ কারণেই সে আলাদা। যখন সবাই তারা খেলার ধরনটা বুঝে ফেলবে তখন আন্তর্জাতিক ক্রিকেটে এগোনো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এ জন্য বিষয়টি নিয়ে আমরা কাজ শুরু করেছি। তার জন্য কঠিন সময় অপেক্ষা করছে। তবে তার প্রস্তুতি ভালো। মানসিকভাবে খুব শক্ত। রানের ক্ষুধা আছে।’
এ বছর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশের বড় বিজ্ঞাপন ছিলেন এনামুল হক। তবে টেস্টে তাঁর টেকনিক-ট্যাকটিকস নিয়ে রয়েছে প্রশ্ন। কোচ বললেন, ‘সে (এনামুল) ভালো ওয়ানডে খেলোয়াড়। তবে আমি মনে করি বড় সংস্করণে তার টেকনিক ও ট্যাকটিকস আরও ভালো হওয়া প্রয়োজন। ওর সঙ্গে কাজ শুরু করেছি।’
বাংলাদেশের মূল শক্তি স্পিন বোলিং। ক্যারবীয় কন্ডিশনে বাংলাদেশের ভালো কিছু করতে হলে স্পিনারদের জ্বলে ওঠার বিকল্প নেই। দলের অন্যতম ভরসা সাকিব সফরে না থাকায় চ্যালেঞ্জটা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে হাথুরুসিংহ স্পিনারদের নিয়ে যথেষ্ট আশাবাদী। বললেন, ‘স্পিনাররা সত্যি কঠোর পরিশ্রম করেছে। আমরা প্রতিযোগিতামূলক ম্যাচ খেলিনি। তবে মনে করি মানসিক ও শারীরিকভাবে তারা অনেক পরিশ্রম করেছে। খেলায় মনোযোগের ক্ষেত্রে ড. ফিল জনসি (কানাডার মনোবিদ) তাদের বেশ সহযোগিতা করেছে। দক্ষতানুযায়ী কঠোর পরিশ্রম করেছে। ফলে মনে করি, আমরা ভালো অবস্থায় আছি।’