মায়ের কাছে মাহমুদউল্লাহর চাওয়া

অপার সম্ভাবনা নিয়ে বাংলাদেশ দলে এসেছিলেন ময়মনসিংহের ছেলে মাহমুদউল্লাহ, মা-বাবার আদরের রিয়াদ। বাংলাদেশের অনেক জয়ে রেখেছেন বড় অবদানও। কিন্তু একজন ব্যাটসম্যানের আরাধ্য সেঞ্চুরিটা যে ছিল অধরা! পরশু অ্যাডিলেড ওভালে এল মাহমুদউল্লাহর কাঙ্ক্ষিত সেই শতক। শুধু তাঁরই প্রথম নয়, বিশ্বকাপেই বাংলাদেশের পক্ষে কোনো ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরি এটি।
মাহমুদউল্লাহ নিজের এই কৃতিত্ব উৎসর্গ করেছেন স্ত্রী আর সন্তানকে। তবে এমন গৌরবের দিনে বাবা-মাকেই বা ভুলে থাকেন কী করে! পরশু ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বললেন, খেলা শুরুর আগে জাতীয় সংগীত গাওয়ার সময় মনে পড়ছিল তাঁর মায়ের মুখটা। ছেলের এই কথা শুনে আবেগাপ্লুত মাহমুদউল্লাহর মা আরাফাত বেগম, ‘ছেলে মায়ের কাছ থেকে দূরে থাকলে তো মন খারাপ হবেই। আসলে খারাপ ফর্মে থাকলে বেশি সমালোচনা হয় বলেই ওর মনটা বেশি খারাপ থাকে। আমি সব সময় বলি, ধৈর্য ধরো। ভালো করে খেলো। ও তো আমার একার ছেলে না। ও দেশের সবার ছেলে।’
বিশ্বকাপে যাওয়ার পর থেকে মাহমুদউল্লাহ প্রায়ই ফোনে কথা বলতেন মায়ের সঙ্গে, দোয়া চাইতেন। ফোন করেছেন ইংল্যান্ডকে হারানোর পরও, ‘গতকাল (পরশু) ম্যাচের পরই ও আমাকে ফোন করেছিল। আজ (গতকাল) দুপুরেও একবার কথা হয়েছে। ও বলল, “আম্মু, আমি এত খুশি যে সেটা ভাষায় প্রকাশ করতে পারব না। তুমি আমার জন্য দোয়া করো।”’
ছেলের সাফল্যে দারুণ উচ্ছ্বসিত বাবা মো. উবায়দুল্লাহও। মাহমুদউল্লাহর শত রানের পর থেকেই ভাসছেন অভিনন্দনের জোয়ারে। ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া জয় উদ্যাপন করতে কাল জেলা প্রশাসকের উদ্যোগে শহরে যে বিজয় মিছিল হলো, সেখানেও ছিলেন তিনি। জানালেন, ‘ও বলে গিয়েছিল, বিশ্বকাপে আমাকে বড় কিছু করতেই হবে। ও এবার আগের যেকোনো সফরের চেয়ে অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ। তার এই প্রতিজ্ঞা আর ময়মনসিংহবাসীসহ সারা দেশের ক্রিকেটপ্রেমী মানুষের দোয়াতেই এত বড় সাফল্য এসেছে।’