মায়ের জন্য মন কাঁদে মাহমুদউল্লাহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদউল্লাহর মা আরাফাত বেগম, বাবা মো. উবায়েদউল্লাহ। ফাইল ছবি
মাহমুদউল্লাহর মা আরাফাত বেগম, বাবা মো. উবায়েদউল্লাহ। ফাইল ছবি

বিদেশে খেলতে গেলে ‘হোম সিকনেস’টি ভীষণ কাজ করে মাহমুদউল্লাহর। বাড়ির জন্য মন কাঁদে। এবার অবশ্য স্ত্রী-সন্তান ছিল সঙ্গে। মানসিকভাবে বেশ স্বাচ্ছন্দ্য ছিলেন ঠিকই। তবে মায়ের কথা কি ভোলা যায় একমুহূর্ত? বিশ্বকাপের দিনগুলোয় মায়ের সঙ্গে কথা হয়েছে নিয়মিতই। হবে না কেন? মায়ের জন্য যে মন কাঁদে মাহমুদউল্লাহর। 

মাহমুদউল্লাহরা তিন ভাই। বড় ভাই আহসানউল্লাহ, মেজো ভাই এমদাদউল্লাহ আর সবার ছোট তিনি। তিন ভাইয়ের মধ্যে মায়ের আদর সবচেয়ে বেশি পেয়েছেন কে? খানিকটা হেসে বললেন, ‘আমি!’ মা বলতে অন্তঃপ্রাণ মাহমুদউল্লাহ বললেন, ‘আসলে বিদেশ গেলে মা-বাবা দুজনকেই খুব মিস করি। তবে বেশি মিস করি মাকে। মায়ের সঙ্গে কথা না বললে মনটা ভালো লাগে না।’ 

‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি...’ জাতীয় সংগীত কানে ভেসে এলেই অপার্থিব আবেশ ভর করে মনে, প্রাণে সঞ্চার হয় এগিয়ে যাওয়ার শক্তি। ‘মা তোর বদন খানি মলিন হলে/ আমি নয়ন/ ও মা আমি নয়ন জলে ভাসি...’ আবেগ-ভালোবাসায় ছলছল করে ওঠে চোখ। মাহমুদউল্লাহর চোখও ছলছল করে উঠেছিল সেদিন। বারবার মূর্ত হয়ে উঠছিল মায়ের মুখখানি। 

বিশ্বকাপের পর্দা নেমেছে কদিন আগেই। প্রস্তুতি নিতে হবে নতুন মিশনের, নতুন চ্যালেঞ্জের। কিন্তু কিছু মুহূর্ত তো শেষ হওয়ার নয়। সেগুলো আজীবন জমা থাকে স্মৃতির মণিকোঠায়। সেগুলোর গল্প বলা যায় সব সময়ই। মাহমুদউল্লাহ ভুলবেন না জাতীয় সংগীত গাওয়ার সেই মুহূর্তটি, ‘এমনিতে জাতীয় সংগীত গাওয়ার সময় আলাদা একধরনের অনুভূতি কাজ করে মনে। বিশেষ করে, ‘‘মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি...’’ ইংল্যান্ডের বিপক্ষে এ দুটো লাইন গাওয়ার সময় মায়ের কথা খুব মনে পড়েছিল। চোখ দুটো ভিজে এসেছিল। চোখের সামনে মায়ের চেহারাটা ভেসে উঠেছিল। মায়ের দোয়া সঙ্গে ছিল বলেই হয়তো সেদিন ম্যাচের ফলটা আমাদের পক্ষে এসেছিল।’ 

স্ত্রী-সন্তানের সঙ্গে অকল্যান্ডে। ছবি: শামসুল হক
স্ত্রী-সন্তানের সঙ্গে অকল্যান্ডে। ছবি: শামসুল হক



বিশ্বকাপের সময় পরিবার থাকায় বেশ নির্ভার ছিলেন মাহমুদউল্লাহ, সে কথা বললেন আবারও, ‘ধন্যবাদ জানাই ক্রিকেট বোর্ডকে। বোর্ড যদি অনুমতি না দিত, তাহলে হয়তো মানসিকভাবে চাঙা থাকা একটু কঠিনই হতো। কারণ, দীর্ঘ সফরে পরিবার, বিশেষ করে বাচ্চাকে খুব মিস করি। পরিবার যেহেতু সঙ্গে ছিল, মানসিকভাবে বেশ নির্ভার ছিলাম। আসলে আমি যতটুকু সময় পাই, পরিবারকে দেওয়ার চেষ্টা করি। ওরা সঙ্গে থাকায় আমার খেলার জন্য ভালো হয়েছে।’ 

বিশ্বকাপের আগে অক্লান্ত পরিশ্রম করেছেন মেদহীন ঝরঝরে শরীর পেতে। তালিকা থেকে বাদ দিয়েছিলেন অনেক প্রিয় খাবার। পরিবার-আত্মীয়স্বজনকে জানিয়ে গিয়েছিলেন, বিশ্বকাপে ভালো পারফর্ম করে দেশে ফিরে খাবেন প্রিয় খাবার। ডায়েট কন্ট্রোল কি এখনো চলছে? বললেন, ‘দেশে ফিরে দিন কয়েক প্রিয় কিছু খাবার খেয়েছি। তবে এখন আবার আগের মতো নিয়ম মেনে চলছি। খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ বা ফিটনেস ঠিক রেখে ভালো ফল পেয়েছি। এখন চেষ্টা করছি, সেটা ধরে রাখতে।’ 

টানা দুই সেঞ্চুরিতে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ দশে আছেন মাহমুদউল্লাহ। ৬ ম্যাচে ৭৩ গড়ে করেছেন ৩৬৫ রান। তাই আইসিসি একাদশে মাহমুদউল্লাহকে প্রত্যাশা করাটা মোটেও বাড়াবাড়ি হতো না। প্রাথমিক বিবেচনায়ও ছিলেন। তবে চূড়ান্ত একাদশে ঠাঁই পাননি। এ নিয়ে অবশ্য কোনো আক্ষেপ নেই তাঁর, ‘নাহ, একদমই আক্ষেপ নেই। দল কোয়ার্টার ফাইনাল খেলেছে, সেটাই অনেক বড় অর্জন। বিশ্বকাপে আমাদের লক্ষ্য পূরণ হয়েছে। আর কী চাই! তবে বসে থাকার উপায় নেই। সামনে পাকিস্তানের বিপক্ষে সিরিজ। সেটাতে মনোযোগ দিতে হবে। ওখানে আরও ভালোভাবে নিজেদের প্রমাণ করতে হবে।’

পুনশ্চ: এবার বিশ্বকাপে অনেক অর্জন নিয়ে ফিরেছে বাংলাদেশ। ক্রিকেটের বড় মঞ্চে আলো ছড়িয়েছেন মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, তাসকিন আহমেদ। উল্লিখিত সবাইকে নিয়ে প্রথম আলো ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ধারাবাহিক প্রতিবেদন। এ ধারাবাহিক শেষ হচ্ছে মাহমুদউল্লাহকে দিয়ে।