মারউই এখন হল্যান্ডের
ধনুর্ভঙ্গ পণ করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন, সে জন্য নিজের দক্ষিণ আফ্রিকান পাসপোর্টটিকে বাদ দিতে একটুও দ্বিধা নেই রোয়েলফ ফন ডার মারউইয়ের মধ্যে। পূর্বপুরুষের সূত্রে হল্যান্ডের নাগরিকত্ব পেয়েই দক্ষিণ আফ্রিকা জাতীয় দল ও প্রিটোরিয়ার দল টাইটানকে বিদায় জানিয়ে দিয়েছেন এই বাঁহাতি অলরাউন্ডার। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে হল্যান্ডের হয়ে খেলাই এখন তাঁর স্বপ্ন।
দক্ষিণ আফ্রিকার হয়ে ১৩টি করে এক দিনের আন্তর্জাতিক ম্যাচ ও টি-টোয়েন্টি খেলেছেন ফন ডার মারউই। জাতীয় দলে অনেক দিন ধরেই ব্রাত্য, সর্বশেষ খেলেছেন ২০১০ সালে। নিজের সিদ্ধান্তের সপক্ষে বলেছেন, ‘আমার ক্যারিয়ারটাকে বড় করতে এবং পারিবারিক জীবনের স্বার্থেই একটু ভিন্ন পথ বেছে নিয়েছি।’
দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল ও টাইটানের পাশাপাশি সমারসেট, রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, দিল্লি ডেয়ারডেভিলস ও ব্রিসবেন হিটের হয়ে খেলেছেন এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। রয়টার্স।