মারকাটারি ক্রিকেটকেই দুষছেন মারকুটে ব্যাটিংয়ের রাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখনকার ব্যাটিং পছন্দ হচ্ছে না ভিভ রিচার্ডসের। ফাইল ছবি
এখনকার ব্যাটিং পছন্দ হচ্ছে না ভিভ রিচার্ডসের। ফাইল ছবি

ব্যাটিংয়ের চূড়ান্ত উৎকর্ষের এই যুগেও তিনিই আক্রমণাত্মক ব্যাটিংয়ের শেষ কথা। খেলা ছাড়ার দুই যুগ পরও নতুন কোনো মারকুটে ব্যাটসম্যানের আবির্ভাবেই তুলনা করা হয় ‘কিং ভিভ’এর সঙ্গে। সেই ভিভ রিচার্ডসই টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক ব্যাটিং দুর্দশার জন্য দায়ী করছেন অতি মাত্রায় আক্রমণাত্মক ক্রিকেটকেই।
চলতি অ্যাশেজের কথাই ধরুন। ট্রেন্ট ব্রিজ টেস্টে অস্ট্রেলিয়া মাত্র ১৯ ওভারের মাঝে অলআউট হয়ে গিয়েছিল। শুধু অস্ট্রেলিয়ার এই ইনিংসটি নয়, টেস্ট খেলতে নেমে বাকি দলগুলোও বারবার ব্যাটিং বিপর্যয়ের মুখে পরছে। এখন পর্যন্ত ২৩টি টেস্ট খেলা হয়েছে ২০১৫ সালে। এর মাঝে ৮টি ইনিংসেই দলগুলো ১৫০ রান পার করতে ব্যর্থ হয়েছে।
অন্যান্য ইনিংসগুলোও যে খুব বেশি লম্বা হচ্ছে তা নয়। শ্রীলঙ্কা ও ভারতের চলতি সিরিজেই দুই দল ৫০ ওভারের নিচে একবার করে অলআউট হয়েছে। স্যার ভিভের মতে, ব্যাটসম্যানের অতিমাত্রায় টি-টোয়েন্টি খেলা এবং ক্ষেত্র বিশেষে ভালো বোলিংয়ের কারণেই এসব ব্যাটিং বিপর্যয়, ‘দুই কারণেই (বাজে শট খেলা ও ভালো বোলিং) এ রকম ঘটছে। ওরা টি-টোয়েন্টি খুব বেশি খেলছে, যার প্রভাব ব্যাটিংয়ে দেখা যাচ্ছে। টি-টোয়েন্টিতে যেভাবে খেলে, ব্যাটসম্যানরা সেটি টেস্টেও খেলার চেষ্টা করছে। এখন ছোট দৈর্ঘ্যের ম্যাচ খুব বেশি হচ্ছে। খেলার ধরনে ব্যাটসম্যানরা সমন্বয় আনতে পারছে না। টেস্ট ক্রিকেটের জন্য আপনাকে ধরন পাল্টাতেই হবে। এ জন্য ওরা বারবার ব্যর্থ হচ্ছে।’
আক্রমণাত্মক ক্রিকেট খেলে টেস্টেও সফল হওয়া সম্ভব। স্যার ভিভ নিজেই এর উদাহরণ। টেস্ট ক্রিকেটে সাড়ে আট হাজার রান করেছেন মারকুটে ব্যাটিংয়েই। ট্রিপল সেঞ্চুরি না পেলেও ২৯১ রানের বড় ইনিংস আছে। ক্যারিয়ারে ৮৪টি ছক্কাও হাঁকিয়েছেন। নিকট অতীতে আক্রমণাত্মক ক্রিকেটের আরেক বিজ্ঞাপন বীরেন্দর শেবাগও যেমন টেস্টে সফল ছিলেন। ৮২ স্ট্রাইক রেটে টেস্টে সাড়ে আট হাজার রান তুলেছেন, দুটি ত্রিশতক করার বিরল রেকর্ডও আছে।
কিন্তু এখন আক্রমণাত্মক ক্রিকেট খেলতে গিয়ে অন্যরা টেস্টে ব্যর্থ হচ্ছে কেন? স্যার ভিভের ধারণা, ব্যাটসম্যানরা টি-টোয়েন্টি খেলতে গিয়ে টেকনিকের দফারফা করে ফেলছে, ‘ওয়েস্ট ইন্ডিজ বা অস্ট্রেলিয়ার ম্যাচগুলোর দিকে তাকান। ব্যাটসম্যানদের টেকনিকে প্রচুর সমস্যা দেখা যাচ্ছে। একই ভুল বারবার। মাঠ ও কন্ডিশন বুঝে ব্যাটিং করতে জানতে হবে। বার্মিংহামে (এজবাস্টন টেস্টে) একটু সুইং করছিল বটে। কিন্তু তাতেই ব্যাটসম্যানদের টিকে থাকার কোনো ইচ্ছে দেখা গেল না।’
টি-টোয়েন্টি নিয়ে কিছুদিন আগেই বিষোদ্‌গার করেছেন ইয়ান চ্যাপেল। এবার মারকুটে ব্যাটিংয়ের রাজা রিচার্ডসও প্রশ্ন তুললেন হাল জমানার মারকাটারি ক্রিকেট নিয়ে। ​‘ইম্প্রোভাইজ’ করাটা দোষের​ নয়, ব্যাকরণের বাইরে যাওয়াটাও। কিন্তু আগে সা-রে-গা-মা তো শিখতে হবে। বেসিকটাই তাই শেষ কথা, সেটা সব সময়ের জন্যই। আইএএনএস।