মারপিটের অভিযোগ এনামুলের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনামুল হক।
এনামুল হক।

জাতীয় দলের ক্রিকেটার এনামুল হকের বিরুদ্ধে এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। মোতালেব হোসেন (২৬) নামের ওই যুবক কুষ্টিয়া শহরের বড় বাজার এলাকার আবদুল হালিমের ছেলে। গতকাল রোববার রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে। আহত মোতালেব গতকালই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এনামুল হকের বাবা-মা আবদুল হালিমের বাড়িতে ভাড়া থাকেন বলে জানা গেছে। এই ঘটনায় দুই পরিবারই কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে। আজ সোমবার দুপুর পর্যন্ত এ ব্যাপারে কোনো মামলা দায়ের করা হয়নি।
আহত মোতালেবের ভাষ্য অনুযায়ী, গত প্রায় চার বছর ধরে এনামুলের বাবা জামিল হোসেন তাঁদের বাড়িতে ভাড়া থাকেন। বাড়ির নিচতলায় একটি গোডাউন আছে। সেই গোডাউনে মোতালেব তাঁর প্রয়োজনীয় মালপত্র রাখেন। সেখানে এনামুলদেরও তিনটি মোটরসাইকেল থাকে। গতকাল রোববার সকালে তিনি গোডাউন খুলতে গেলে সেখানে ভিন্ন তালা দেখতে পান। এ সময় এনামুলের পরিবারের কাউকে খুঁজে না পাওয়ায় তালা ভেঙে তিনি তাঁর প্রয়োজনীয় মালামাল বের করেন। ব্যাপারটি নিয়ে প্রথমে এনামুলের বাবার সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়।
মোতালেবের অভিযোগ, সন্ধ্যার দিকে এনামুল কুষ্টিয়ায় পৌঁছে তাঁর ভাই সজীবসহ ১০/১২ জন যুবককে নিয়ে বড় বাজারে তাঁর দোকানে আসেন। এরপর সেখান থেকে তাঁকে ডেকে বাড়ির কাছে নিয়ে যান। বাড়ির মূল ফটকের সামনেই হাতের একটি ব্যাট দিয়ে মোতালেবকে আঘাত করেন এনামুল। অন্যরাও তাদের হাতে থাকা লাঠি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকেন তাঁকে। আশপাশের লোকজন চিৎকার শুনে মোতালেবকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকার বলেন, ‘পায়ে রক্তক্ষরণ হয়েছে। এ ছাড়া তাঁর শরীরে মারধরের চিহ্ন রয়েছে। চিকিৎসা দেওয়া হয়েছে।’ সোমবার দুপুরেই মোতালেবকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এই ঘটনায় এনামুলের বাবা ও ভাইয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি। দুজনের ব্যক্তিগত নম্বরে এ ব্যাপারে যোগাযোগ করা হলে দুটি নম্বরই বন্ধ পাওয়া যায়। নিজের বিরুদ্ধে সব অভিযোগই অবশ্য অস্বীকার করেছেন এনামুল। ঘটনার পরপরই এনামুলসহ তাঁর পরিবার ঢাকা চলে গেছেন বলে জানা গেছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, দু্ই পক্ষের কাছ থেকেই লিখিত অভিযোগ পাওয়া গেছে। থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলামকে দুটি অভিযোগই খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।