মার্ক উডও আসছেন না বাংলাদেশ সফরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসছেন না মার্ক উডও। ছবি: সংগৃহীত
আসছেন না মার্ক উডও। ছবি: সংগৃহীত

শেষ মুহূর্তে ইংল্যান্ডের বাংলাদেশ সফরে এসেছে দুটি পরিবর্তন। জেমস অ্যান্ডারসনের মতো ইংল্যান্ড টেস্ট দল থেকে সরে দাঁড়াতে হচ্ছে মার্ক উডকেও। অবশ্য দুজনেরই সরে যাওয়ার কারণ চোট। গোড়ালির চোটের কারণে বাংলাদেশে আসতে পারছেন না উড। কাঁধের চোট সারেনি অ্যান্ডারসনের।

ইংলিশ ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে অ্যান্ডারসনের পর উডেরও না-আসার খবরটি জানিয়েছে। অ্যান্ডারসনের জায়গায় টেস্ট দলে এসেছেন নটিংহ্যামশায়ারের জ্যাক বল। বাংলাদেশ সফরে ওয়ানডে দলে সুযোগ পাওয়া বল টেস্ট দলেও যোগ দেবেন। ওয়ানডে দলে যুক্ত হচ্ছেন স্টিভেন ফিন। জ্যাক বল ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজের সময়ও দলে থাকতে পারেন। টেস্ট দলে উডের বদলি খেলোয়াড়ের নাম এখনো জানায়নি ইসিবি।
আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশে পা রাখছে জশ বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড ওয়ানডে দল। ৪ অক্টোবর ফতুল্লায় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে তারা। ৭ ও ৯ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম দুটি ওয়ানডে। ১২ অক্টোবর তৃতীয় ওয়ানডেটি চট্টগ্রামে।
২০ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট। ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু ২৮ অক্টোবর। সূত্র: এএফপি।