মার্ক ওয়াহর ভুল
শব্দ চয়নে সতর্ক না হলে যে কেমন ঝামেলায় পড়তে হয়, সেটা বোধ হয় এখন ভালোই টের পাচ্ছেন মার্ক ওয়াহ। ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক তিনি। অথচ টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে বলে দিলেন, বাণিজ্যিক ব্যাপারটা মাথায় রেখে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দল নির্বাচন করতে হচ্ছে তাঁদের। এ নিয়ে তোলপাড় ক্রিকেট অস্ট্রেলিয়ায় (সিএ)। পরে সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার সিএর পারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ডের কাছে স্বীকার করেছেন, সাক্ষাৎকারে ভুল শব্দ ব্যবহার করা হয়ে গেছে।
আগামী ৪ ডিসেম্বর ব্রিসবেন টেস্ট দিয়ে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। প্রথম টেস্টের জন্য আগামী পরশু দল ঘোষণা করার কথা অস্ট্রেলিয়ার নির্বাচকদের। অথচ এর পর দিন মঙ্গলবার থেকে শুরু হচ্ছে শেফিল্ড শিল্ডের পরের রাউন্ড। ঘরোয়া টুর্নামেন্টের ম্যাচগুলোর পারফরম্যান্স তাই বিবেচনায় নেওয়ার সুযোগ পাচ্ছেন না নির্বাচকেরা। ‘ইনসাইড ক্রিকেট’ নামে অস্ট্রেলিয়ার একটি টেলিভিশন শো-তে এই প্রসঙ্গ টেনে নির্বাচক মার্ক ওয়াহ বলেছিলেন, ‘শেফিল্ড শিল্ডের দ্বিতীয় রাউন্ড বিবেচনায় নিতে পারলে আমাদের জন্য ভালো হতো। কিন্তু নির্বাচকেরা সেটা করতে পারছেন না। ক্রিকেট অস্ট্রেলিয়া চাইছে এর আগেই দল ঘোষণা করতে। এটা করা হচ্ছে বাণিজ্যিক কারণে।’
ওয়াহর এমন বক্তব্যের পরই অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে ব্যাপারটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। পরে সেটা থামাতে কাল এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, সিএর পারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ডের সঙ্গে ওয়াহর কথা হয়েছে। ওয়াহ তাঁর কাছে স্বীকার করেছেন, দল ঘোষণার বিষয়ে কথা বলতে গিয়ে ভুল শব্দ ব্যবহার করেছেন তিনি। বাণিজ্যিক নয়, আসলে আনুষঙ্গিক অন্যান্য কারণেই আগে দল ঘোষণা করতে হচ্ছে। এর মধ্যে একটা কারণ অস্ট্রেলিয়া দলকে ভালোভাবে প্রস্তুত হওয়ার সুযোগ করে দেওয়া। হাওয়ার্ড বলছেন, এটাই ক্রিকেট অস্ট্রেলিয়ার অলিখিত নিয়ম। উল্লেখ্য, ‘গত বছর ৫-০ ব্যবধানে জেতা অ্যাশেজের আগেও একই নিয়মে দল ঘোষণা করা হয়েছিল।’
দল কি হলো না-হলো তা নিয়ে সাবেক অস্ট্রেলিয়ান পেসার গ্লেন ম্যাকগ্রার কোনো উদ্বেগ নেই। তবে সেই দলটাও যে ভারতকে উড়িয়ে দেবে সে ব্যাপারে নিঃসংশয় ম্যাকগ্রা। সিডনি মর্নি হেরাল্ডকে কিংবদন্তি এ পেসার বলেছেন, ‘আমি দ্বিধাহীনভাবে বলতে পারি, অস্ট্রেলিয়া সিরিজটা ৪-০ ব্যবধানে জিতবে।’ এএফপি, রয়টার্স।