
টস জিতে ব্যাটিং নিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। মাইক্রোফোনের সামনে এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি হিসেবে বললেন, ‘এটা খুব ভালো ব্যাটিং পিচ।’
তবে পিচটা ভালো হলো শুধুই নিউজিল্যান্ড, আরও ভালো করে বললে মার্টিন গাপটিলের জন্য। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের যে উইকেটে শ্রীলঙ্কা ২৭.৪ ওভারে মাত্র ১১৭ রানেই অলআউট, সে উইকেটেই নিউজিল্যান্ড ওই রান তাড়া করে ফেলল মাত্র ৮.২ ওভারে। ২৫০ বল হাতে রেখে জিতল ১০ উইকেটে!
নিউজিল্যান্ডের এই বড় জয়ের নায়ক গাপটিল। ওয়ানডেতে বছরজুড়েই চওড়া থাকা তাঁর ব্যাট কাল যেন আরও চওড়া, আরও দুর্দমনীয় হয়ে উঠেছিল। আর তাতে ছুটেছে চার ও ছয়ের ফোয়ারা। উইকেটে থেকেছেন মাত্র ৪০ মিনিট, তাতেই ব্যাটকে তলোয়ার বানিয়ে কচুকাটা করেছেন লঙ্কান বোলারদের। ৯টি চার ও ৮টি ছয়ে ৩০ বলে করেছেন ৯৩ রান! স্ট্রাইক রেট ৩১০.০০! ২৫ কিংবা তার চেয়ে বেশি বলের ইনিংসগুলোর মধ্যে এটিই ওয়ানডের দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংস। এর চেয়ে বেশি স্ট্রাইক রেটের ইনিংসটি এবি ডি ভিলিয়ার্সের, ৩৩৮.৬৩ স্ট্রাইক রেটে ৪৪ বলে ১৪৯ রানের ইনিংসটি প্রোটিয়া ব্যাটসম্যান খেলেছিলেন এ বছরই জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
আরও একটা জায়গায় সম্ভাবনা জাগিয়েও ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে যেতে পারেননি গাপটিল। কুলাসেকারার ১ ওভারে ১৪ ও চামিরার আরেক ওভারে ২৬ রান নিয়ে একপর্যায়ে ১২ বলেই ৪৬ করে ফেলেছিলেন। ডি ভিলিয়ার্সের ১৬ বলের ফিফটির রেকর্ড তো ভাঙতেই পারতেন! কিন্তু এর পরই কুলাসেকারা কয়েকটি দুর্দান্ত ইয়র্কার দিয়ে আটকে রাখেন গাপটিলকে। পঞ্চাশ ছুঁতে গাপটিল বল খেলে ফেলেন ১৭টি। দ্রুততম ফিফটির বিশ্ব রেকর্ড গড়তে না পারলেও নিউজিল্যান্ডের পক্ষে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন। নিউজিল্যান্ডের পক্ষে আগের দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল ব্রেন্ডন ম্যাককালামের (১৮ বলে)।
তবে গাপটিলের মারমার কাটকাট ব্যাটিংয়ের ছাপ পড়েছে রেকর্ড বইয়ের অন্য এক পাতায়। মাত্র ৪৯ বলেই ১০০ ছুঁয়ে ফেলে নিউজিল্যান্ড। ২০০২ সালে হিসাব রাখা শুরু করার পর থেকে এটিই সবচেয়ে কম বলে দলীয় সেঞ্চুরির রেকর্ড। ওভারপিছু ১৮.১৬ রানরেটে ১১৮ করেছে নিউজিল্যান্ড। ওয়ানডেতেই যা দ্বিতীয় সর্বোচ্চ রানরেট। সর্বোচ্চ রানরেটের রেকর্ডটিও নিউজিল্যান্ডের, বাংলাদেশের বিপক্ষে। ২০০৭ সালে কুইন্সটাউনে বাংলাদেশের ৯৪ রান তাড়া করতে নেমে ওভারপ্রতি ১৫.৮৩ রান তুলেছিল কিউরা।
অথচ দুর্ধর্ষ গাপটিলকে শুরুতেই আউট করার সুযোগ পেয়েছিল। চামিরার বলে লেগ গালিতে গাপটিলকে ‘ক্যাচ’ বানাতে পারেননি সিরিবর্ধনা। ম্যাচ শেষে লঙ্কান অধিনায়ক ম্যাথুসের কাঠগড়ায় অবশ্য দলের ব্যাটিং। হেনরি (৪/৩৩) ও ম্যাকলেনাহানের (৩/৩২) বোলিংয়ে মাত্র ১১৭ রানে গুঁড়িয়ে যাওয়াটা ম্যাথুসের ভাষায়, ‘এটা বেশ বিব্রতকর। গোটা দলের ব্যাটিংই ছিল করুণ।’ এএফপি, ক্রিকইনফো।
