মার্শ-তাণ্ডবে সিরিজ অস্ট্রেলিয়ার

শুরুটা করেছিলেন হ্যাজলউড, শেষটাও করলেন তিনি। মাঝে ১২ বলের এক তাণ্ডব চালালেন মিচেল মার্শ। তাতেই কুপোকাত ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের মেরুদণ্ড। স্বাগতিকদের হারাতে ওটাই যথেষ্ট হলো অস্ট্রেলিয়ার। আজ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৫৮ রানে হারিয়ে শিরোপা উৎসবে মাতল অস্ট্রেলিয়া।
স্কোরকার্ড দেখলে মনে হতেই পারে ম্যাচসেরা তো জশ হ্যাজলউড। ৫০ রানে ৫ উইকেট পেয়েছেন এই পেসার। কিন্তু ম্যাচের রং পাল্টে দেওয়া বোলিং করেছেন ওই মিচেল মার্শ। ১৬.২ থেকে ২০.১ ওভার—এই ২৪ বলের মাঝেই ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ জয়ের আশা শেষ করে দিয়েছেন তিনি। এর মাঝে ১২ বল মার্শের, ২ রানে ৩ উইকেট। ৬২ রানে ১ উইকেট থেকে ওয়েস্ট ইন্ডিজ পরিণত হলো ৭২ রানে ৪ উইকেট। এক ওভার বিরতি দিয়ে করা ৬ ওভারের ওই স্পেলে মার্শ দিয়েছেন মাত্র ৭ রান! এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে স্বাগতিক দল। ২৭ রানে পড়েছে শেষ ৪ উইকেট।
ওই ৪টি উইকেটই পেয়েছেন হ্যাজলউড। ৪১.৩ ওভারে কার্লোস ব্রাফেটকে ফিরিয়ে দিয়ে শুরু হওয়া এ ঝড় স্থায়ী হলো ২৬ বল। ওয়েস্ট ইন্ডিজ ইনিংস শেষ হলো ২১২ রানে। তখনো বাকি ছিল আরও ২৬ বল। এর আগে ওপেনার আন্দ্রে ফ্লেচারকেও ফিরিয়েছেন সিরিজ সেরা হ্যাজলউড।
এর আগে অস্ট্রেলিয়া যে ওয়েস্ট ইন্ডিজকে ২৭১ রানের লক্ষ্য দিতে পেরেছিল, তার পুরো কৃতিত্ব ম্যাথু ওয়েডের। টপ অর্ডারের সবাই ভালো শুরু করেও সেটি ধরে রাখতে পারেননি। ফলে একপর্যায়ে ১৫৬ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। প্রথম ৬ ব্যাটসম্যানের কেউই ৫০ পেরোতে পারেননি। ১৭৩ রানে ফেরেন দারুণ ব্যাট করতে থাকা মার্শও (৩২)। টেল এন্ডারদের নিয়ে ছোট ছোট তিনটি জুটি গড়ে অস্ট্রেলিয়াকে লড়াই করার পুঁজি এনে দিয়েছেন ওয়েড। ওয়েডের ৫২ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংসে ছিল ২টি চার ও ৩টি ছক্কা।