মার্শালকে ফিরিয়ে আনলেন রোচ
বাংলাদেশ দলকে নিশ্চয়ই এখন থেকে খুব পছন্দ করবেন কেমার রোচ? ঘরের মাঠে এই দলটাকে পাওয়া মানেই যে তাঁর সাফল্য দেখা!
২০০৯ সালে সেই ভাঙাচোরা ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে এই বাংলাদেশের বিপক্ষেই অভিষেক। প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে উইকেট পেলেন ৬টি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬টি, দ্বিতীয় ইনিংসে ১টি। সেন্ট ভিনসেন্টের পর সেন্ট লুসিয়াতেও সেই কেমার রোচকেই দেখছে বাংলাদেশ দল। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১ উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে রোচই বেশি দূর যেতে দেননি বাংলাদেশ দলকে। আর সেন্ট লুসিয়া টেস্টে তো প্রথম ইনিংসেই ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো পেয়েছেন ৫ উইকেট।
রোচ স্বাভাবিকভাবেই খুশি। এই সাফল্যটা আবার পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ৫০০তম টেস্টে, ‘৫০০তম টেস্টে ৫ উইকেট পাওয়াটা বিশেষ কিছুই। এ রকম একটা বোলিংবান্ধব উইকেটে শুরুতেই আঘাত করতে পারা, বাংলাদেশের বিপক্ষে কিছু উইকেট নিতে পারা...আসলেই ভালো লাগছে।’ সঙ্গে জানিয়ে দিলেন, জয়ের আনুষ্ঠানিকতা সারতে চান তৃতীয় দিনেই, ‘আমরা এর মধ্যেই ৭ উইকেট নিয়ে নিয়েছি। আশা করি, কালকেই (গতকাল) ম্যাচ শেষ করে দিতে পারব।’
ওয়েস্ট ইন্ডিজ দল আসলেই টেস্টটা তিন দিনে শেষ করতে পারল কি না, সেই খবর এতক্ষণে জেনে গেছেন আপনারাও। দ্বিতীয় দিন শেষেই যে প্রথম ইনিংসে প্রায় লেজ গুটিয়ে নিয়েছিল বাংলাদেশ! রোচ অবশ্য এতে যতটা না বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতা দেখেন, তার চেয়ে বেশি দেখেন বোলারদের কৃতিত্ব, ‘আমার মনে হয় আমাদের বোলাররা খুব ভালো বল করেছে। মনে হয় না ব্যাটসম্যানদের খুব বেশি কিছু করার ছিল।’ বাংলাদেশ নিয়ে অবশ্য এর বেশি আর কোনো মন্তব্য করতে চাইলেন না ক্যারিবীয় পেসার। শুধু বললেন, ‘দলটা এখন পরিণত, ভালো খেলছে। তবে তাদের সাফল্য-ব্যর্থতা দেখার জন্য তাদের ক্রিকেট বোর্ড আছে। আমার কোনো মন্তব্য করা ঠিক হবে না।’
হয়তো সংবাদ সম্মেলনে শুধু বাংলাদেশি সাংবাদিকেরা ছিলেন বলেই রোচ এড়িয়ে গেলেন বিষয়টা। ওয়েস্ট ইন্ডিজের কেউই এলেন না তাঁর ৫ উইকেট পাওয়ার প্রতিক্রিয়া জানতে। তাদের হয়ে কিছু প্রশ্ন করলেন দলের মিডিয়া ম্যানেজার ফিলিপ স্পুনার। রোচকে তিনিই মনে করিয়ে দিলেন, ম্যালকম মার্শালের হঠাৎ হঠাৎদেওয়া বাউন্সারের কথা, যেটা এদিন রোচও কম দেননি। হেসে উঠে রোচ বললেন, ‘হ্যাঁ, আমি আজকে (পরশু) প্রথার বাইরে কিছু বল করার চেষ্টা করেছি। আমার মনে হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা বাউন্সারে খুব একটা অভ্যস্ত নয়।’ ওয়েস্ট ইন্ডিজের ৫০০তম টেস্টে বাউন্সারগুলো তিনি দিয়েছেন মার্শালকে মনে করেই, ‘আমি যখন বল নিয়ে দৌড়াতে শুরু করলাম, মার্শালের কথা মনে পড়ছিল। ৫০০তম টেস্টে তাঁকে স্মরণ করেই ওই বলগুলো করেছি।’
সামনে ভারতের বিপক্ষে সিরিজ। সেখানেও এই ফর্মটা ধরে রেখে র্যাঙ্কিংয়ের শীর্ষে যেতে চান রোচ, ‘আমি এক নম্বর হতে চাই। সেটাকে সামনে রেখেই কাজ করে যাচ্ছি, উইকেট নিচ্ছি।’
কাঁধের অস্ত্রোপচারের জন্য সাত মাস মাঠের বাইরে থেকে খেলায় ফিরেছেন গত নিউজিল্যান্ড সফরে। ফিরেই ৩ টেস্টে ১৫ উইকেট, এখন বাংলাদেশের বিপক্ষেও ঝরাচ্ছেন আগুন। এমন প্রত্যাবর্তনে কে না খুশি হবেন! খুশি রোচও, ‘খেলায় ফিরেই ওয়েস্ট ইন্ডিজের জন্য উইকেট নিতে পারছি, সে জন্য গর্বিত। যারা আমাকে মাঠে ফেরার জন্য সাহাঘ্য করেছে, সবার কাছে আমি কৃতজ্ঞ। এখন আমি আমার সেরাটা দিতে চাই।’
যাঁদের কথা বলতে চাইলেন, সে তালিকায় ওয়েস্ট ইন্ডিজ দলের বোলিং পরামর্শক কার্টলি অ্যামব্রোসের নামটা থাকবে ওপরের দিকেই। অ্যামব্রোস প্রসঙ্গ উঠতেই রোচ বলছিলেন, ‘এ রকম একজন কিংবদন্তিকে পাশে পাওয়া ভাগ্যের ব্যাপার। সব সময় তাঁর সময়ের কথা আমাদের বলেন। বোলিংয়ে তিনি অনেক দক্ষ, অনেক কিছু জানেনও। লাইন ও লেংথের ব্যাপারে আমাদের অনেক সাহায্য করেন তিনি।’
বাংলাদেশের দুর্ভাগ্য, তাদের একজন কার্টলি অ্যামব্রোস নেই!