মার্শালের নেতৃত্বে নামছে 'এ' দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেগ স্পিনার জুবায়ের ও বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি যেন বুঝিয়ে দিচ্ছেন, দৃষ্টি এখন সাকলাইন সজীবের দিকেই! l প্রথম আলো
লেগ স্পিনার জুবায়ের ও বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি যেন বুঝিয়ে দিচ্ছেন, দৃষ্টি এখন সাকলাইন সজীবের দিকেই! l প্রথম আলো

গত মে-জুনে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিয়েছেন নাঈম ইসলাম। নেতৃত্ব দিয়েছেন এবার জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে বেসরকারি টেস্ট সিরিজেও। কিন্তু সর্বশেষ ইনিংসের ফিফটি ছাড়া রানে ছিলেন না একদমই। এক দিনের ম্যাচের সিরিজের দলেও আছেন নাঈম, তবে একাদশে তাঁর জায়গা নিশ্চিত নয় বলেই হয়তো পরিবর্তন হলো নেতৃত্বেও। জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে আজ শুরু এক দিনের ম্যাচের সিরিজে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন মার্শাল আইয়ুব। ফতুল্লায় তিনটি এক দিনের ম্যাচের প্রথমটি শুরু আজ সকাল ৯টায়।

এর আগে বছর দুয়েক একাডেমি দলকে নেতৃত্বে দিয়েছেন মার্শাল, তবে জাতীয় পর্যায়ের কোনো দলের অধিনায়ক এই প্রথম। দলে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে ব্রাত্য মুমিনুল হককে। বেসরকারি টেস্ট সিরিজ জয়ের নায়ক দুই স্পিনার সাকলাইন সজীব ও জুবায়ের হোসেনও আছেন দলে। দীর্ঘ চোট কাটিয়ে অনুমিতভাবে ফিরেছেন আবুল হাসান। আছেন সম্ভাবনাময় তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনও। জিম্বাবুয়ে ‘এ’ দলে চার দিনের ম্যাচের স্কোয়াড থেকে পরিবর্তন আছে চারটি। এক দিনের সিরিজের আগে দেশে ফেরার কথা থাকলেও ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে রেখে দেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজাকে।

এক দিনের ম্যাচের দল: মার্শাল আইয়ুব (অধিনায়ক), শাহরিয়ার নাফীস, সৌম্য সরকার, মুমিনুল হক, নাঈম ইসলাম, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, দেওয়ান সাব্বির, মোহাম্মদ শহীদ, ফরহাদ রেজা, আবুল হাসান, সাকলাইন সজীব।