মালয়েশিয়াতেই যাচ্ছেন সোহাগ
বোলিং অ্যাকশন শোধরানোর কাজ করতে শেষ পর্যন্ত মালয়েশিয়ায়ই যাচ্ছেন সোহাগ গাজী। ভিসা হয়ে গেলে আগামী সপ্তাহেই কুয়ালালামপুরের বিমান ধরার কথা তাঁর। সেখানে বাংলাদেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে কাজ করবেন এই অফ স্পিনার। বাংলাদেশ দলের সাবেক সহকারী কোচ সালাউদ্দিন বর্তমানে সেলাঙ্গরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়ায় ক্রিকেট কোচ হিসেবে কর্মরত আছেন।
সোহাগকে সালাউদ্দিনের কাছে পাঠানো হবে নাকি তিনি বাংলাদেশে থেকে জাতীয় দলের স্পিন কোচ রুয়ান কালপাগের সঙ্গে কাজ করবেন, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল বিসিবি। অবশেষে সেটা দূর হয়েছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান কাল রাতে মুঠোফোনে বলেছেন, ‘সোহাগকে আমরা মালয়েশিয়াতেই পাঠাচ্ছি। ভিসা হয়ে গেলে আগামী সপ্তাহে ও চলে যাবে।’ দেশে না রেখে সালাউদ্দিনের কাছে পাঠানোর কারণটাও ব্যাখ্যা করেছেন তিনি, ‘এর আগে সফলভাবে রাজ্জাকের বোলিং অ্যাকশন শোধরানোর কাজ করেছে সালাউদ্দিন। ভাষাগত দিক চিন্তা করলেও তাঁর সঙ্গে কাজ করাটাই সুবিধাজনক হবে। আর দেশে এখন জিম্বাবুয়ে সিরিজ চলছে। কালপাগের পক্ষে তাই এ মুহূর্তে সোহাগকে সময় দেওয়া সম্ভব নয়। তা ছাড়া আমরা চাই বোলিং অ্যাকশন শোধরানোর কাজটা একটু আড়ালে এবং নির্বিঘ্নে হোক। সে জন্যই মালয়েশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত।’