মালিককে পাল্টা জবাব দিতে যুবরাজের নাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালিকের চ্যালেঞ্জের জবাব দিলেন যুবরাজ
মালিকের চ্যালেঞ্জের জবাব দিলেন যুবরাজ

বোলারদের বিস্তর নাচিয়েছেন। গুঞ্জন আছে, যুবরা​জ সিং নাকি নাচিয়েছেন বেশ কজন বলিউড-নন্দিনীকেও। এবার নিজেই পাঁই পাঁই নেচে নিলেন। পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিকের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জের জবাব দিতেই এই নাচ ভার​তীয় অলরাউন্ডারের।
তাও যে সে নাচ? এই দুনিয়ার সবচেয়ে কঠিন বলে মানা হয় যেটিকে, পপ কিংবদন্তি মাইকেল জ্যাকসনের ‘মুন ওয়াক’! নাচবই যখন, ঘোমটা দেওয়া কেন। পেছনের দিকে হাঁটার সেই বিখ্যাত নাচের মুদ্রায় নকল করলেন। তাতে যুবরাজ ১০০তে কত নম্বর পাবেন, এ নিয়ে অবশ্য বিতর্ক হতে পারে। কিন্তু চ্যালেঞ্জের পাল্টা জবাব যে মোক্ষম হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। সেই নাচের ভিডিও টুইটারে শেয়ার দিয়ে যুবরাজ লিখেছেন, নাচবেই যখন, পারলে আমার মতো নাচো!
ঘটনার শুরু মালিকের টুইটার পোস্ট থেকেই। শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে সিরিজ জয় নিশ্চিত করে দলের সবাই মিলে এক পাক নেচেছিলেন। সঙ্গী হিসেবে পেয়েছিলেন স্ত্রী সানিয়া মির্জাকেও। তাঁদের সেই পোস্ট দেখে যুবরাজ আবার মজা করে টুইট করেছিলেন, ‘মালিক-সানিয়া দুজনই অসাধারণ খেলোয়াড়। কিন্তু ওদের নাচ একেবারে যা-তা।’ মালিকও চুপ থাকার পাত্র নন। পাল্টা টুইট করলেন, ‘পারলে ময়দানে নেমে দেখাও তুমি কেমন নাচতে পারো।’
ক্যানসারকে হার মানিয়ে ক্রিকেট মাঠে ফিরে আসা যুবরাজ কি হার মেনে নেওয়ার মানুষ? তা ছাড়া তাঁর বাবা ​যোগরাজ যতটা ক্রিকেটার, তার চেয়েও তো বেশি সুখ্যাত বলিউড অভিনেতা হিসেবে। প্রতিভার ঝলক তাই দেখিয়ে দিলেন ২০১১ বিশ্বকাপের নায়ক।