মালিকের জবাবে কুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরি পেরিয়ে ডাবল সেঞ্চুরির পথে অ্যালিস্টার কুক। কাল আবুধাবিতে l রয়টার্স
সেঞ্চুরি পেরিয়ে ডাবল সেঞ্চুরির পথে অ্যালিস্টার কুক। কাল আবুধাবিতে l রয়টার্স

বছর চারেক আগে এই আবুধাবিই তাঁকে ফিরিয়ে দিয়েছিল। পাকিস্তানের বিপক্ষে ২০১২ সালের জানুয়ারিতে ওই টেস্টে সেঞ্চুরির মাত্র ৬ রান দূরে থেকে আউট হয়ে গিয়েছিলেন অ্যালিস্টার কুক। এবার ফেরায়নি।
সামনে এবারও পাকিস্তান। শোয়েব মালিকের রূপকথাতুল্য প্রত্যাবর্তনে যারা পাহাড়সমান রান করেছে প্রথম ইনিংসে। জবাব দিতে হলে ইংল্যান্ডের হয়েও অন্তত একজনকে এমন একটি ইনিংস খেলতে হতো। দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নিলেন অধিনায়ক কুক। নামের পাশে ৩৯ আর ইংল্যান্ডের স্কোরবোর্ডে বিনা উইকেটে ৫৬ নিয়ে দিনটা শুরু করেছিলেন। আবুধাবিতে কাল শেষ বিকেলে আম্পায়াররা যখন বেল তুলে নিলেন, কুক অপরাজিত ১৬৮ রানে, ইংল্যান্ড ৩ উইকেটে ২৯০। পাকিস্তানের ৫২৩ এখনো পাহাড়চূড়াই, তবে কুকের ব্যাট ইংল্যান্ডকে সেখানে পৌঁছে দেওয়ার আশা দিচ্ছে। পেরিয়ে যাওয়ারও কি?
সর্বশেষ অ্যাশেজে অ্যাডাম লিথের সঙ্গে তাঁর উদ্বোধনী জুটি খুব একটা জমেনি। পাঁচ টেস্টের ৯ ইনিংসে একটিও সেঞ্চুরি জুটি নেই। সেটি মাথায় রেখেই হয়তো পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে মঈন আলীকে ‘প্রমোশন’ দিয়ে কুকের সঙ্গী বানানো হলো। আগের দিন দুজনের ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটি আভাস দিয়েছিল প্রথম মিশনেই সফল হতে যাচ্ছেন আলী। কাল জুটিটা শতরানও পেরোল। ২০১২ সালে অ্যান্ড্রু স্ট্রাউসের অবসরের পর এ নিয়ে মাত্র ৬ বার শতরানের ওপেনিং জুটি পেল ইংল্যান্ড। আলীর সঙ্গে ১১৬ রানের জুটি ভাঙার পর ইয়ান বেলকে নিয়ে আরও ১৬৫ রানের জুটি গড়েছেন কুক। ২৮১ রানে বেল আউট হওয়ার আগেই অবশ্য ক্যারিয়ারের ২৮তম টেস্ট সেঞ্চুরিটা পেয়ে যান কুক, পেরিয়ে যান ২০১৫ সালে ১ হাজার রানের মাইলফলকও। টেস্ট ক্যারিয়ারের এ নিয়ে চারবার বছরে ১ হাজার রান করলেন ইংল্যান্ড অধিনায়ক। ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে এমন কীর্তি আর আছে শুধু কেভিন পিটারসেনের।
এশিয়ার মাঠে এটি তাঁর ৮ নম্বর সেঞ্চুরি। অ-এশীয় ব্যাটসম্যানদের মধ্যে এশিয়ায় তাঁর চেয়ে বেশি সেঞ্চুরি আর কারও নেই, সমান ৮টি সেঞ্চুরি শুধু জ্যাক ক্যালিসের। আবুধাবি কাল কুকের আরও একটা অর্জনের সাক্ষী হয়েছে। এখন পর্যন্ত যেসব দেশে টেস্ট খেলেছেন, সংযুক্ত আরব আমিরাতে এই সেঞ্চুরি দিয়েই তার সবগুলোতেই সেঞ্চুরির কোটা পূরণ হলো কুকের।
জিম্বাবুয়েতে গত ১৯ বছরে কোনো টেস্ট খেলেনি ইংল্যান্ড। পাকিস্তানে ইংল্যান্ড সর্বশেষ খেলেছিল ২০০৫ সালের নভেম্বরে। এর মাত্র তিন মাস পর নাগপুরে ভারতের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে টেস্ট অভিষেক হয়েছিল কুকের। টেন ক্রিকেট, ক্রিকইনফো।