মালিকের স্মরণীয় প্রত্যাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোয়েব মালিক
শোয়েব মালিক

মঞ্চটা তৈরি ছিল ইউনিস খানের জন্য। সেখানে তিনি উঠবেন, এটাও অনুমিত ছিল। উঠলেনও। কিন্তু আবুধাবিতে কাল সেই মঞ্চটা শুধুই নিজের করে নিলেন অন্য একজন—শোয়েব মালিক। প্রায় পাঁচ বছর পর টেস্ট দলে প্রত্যাবর্তন, সেটা স্মরণীয় করে রাখলেন দুর্দান্ত এক সেঞ্চুরিতে। দিন শেষে অপরাজিত ১২৪। ইউনিসের রেকর্ড গড়ার দিনে মালিকের দারুণ এই সেঞ্চুরি পাকিস্তানকেও আশা দেখাচ্ছে আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের সামনে চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দেওয়ার।
জাভেদ মিয়াঁদাদকে ছাড়িয়ে টেস্টে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক হতে মাত্র ১৯ রান দরকার ছিল ইউনিসের। সেই সুযোগটা পেতে অবশ্য কাল কিছুটা মধুর অপেক্ষায় থাকতে হয়েছে পাকিস্তানি এই ব্যাটসম্যানকে। তৃতীয় ওভারেই শান মাসুদের উইকেট পড়ে যাওয়ার পর অনেকক্ষণ প্যাড পরে থেকেই দেখলেন মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক জুটির ব্যাটিং। অবশেষে দিনের ৫৫তম ওভারে হাফিজ বিদায় নেওয়ার পর নামেন চা-বিরতির পর। এরপর আর বেশি সময় অপেক্ষা করতে হয়নি। রেকর্ডটি নিজের করে নিয়েছেন রাজকীয় ভঙ্গিতে। ১৫ রান থেকে মঈন আলীকে ডাউন দ্য উইকেট গিয়ে ছক্কা। তাতেই ‘বড়ে মিয়া’ পেছনে চলে গেলেন, সিংহাসনে বসলেন ইউনিস।
আবুধাবিতে কাল ইউনিসের গল্প এটুকুই। বাকিটুকু শুধুই মালিকের। আজহার আলীর চোট আর বাড়তি একজন স্পিনার খেলার ভাবনা প্রায় নাটকীয়ভাবে শেষ মুহূর্তে তাঁকে জায়গা করে দিয়েছে পাকিস্তানের টেস্ট দলে। এই টেস্টের আগে পাকিস্তানের হয়ে সাদা পোশাকে সর্বশেষ খেলেছিলেন ২০১০ সালে, ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে। মাঝে তাঁকে ছাড়া ৪২টি টেস্ট খেলেছে পাকিস্তান।
প্রায় দুই বছর উপেক্ষিত থাকার পর এ বছর মে মাসে ওয়ানডে দলে ফিরেই সেঞ্চুরি করেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। ওই ম্যাচ থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের হয়ে ১১টি ওয়ানডে খেলেছেন, ৫০০ রান করেছেন ঠিক ১০০ গড়ে! এবার টেস্ট দলে প্রত্যাবর্তনেও পেলেন সেঞ্চুরি। পুনর্জীবিত ক্যারিয়ারে এ যেন এক অন্য শোয়েব মালিক!
৫ রানে পাকিস্তানের প্রথম উইকেট পড়ে যাওয়ার পর হাফিজকে নিয়ে গড়েছেন ১৬৮ রানের জুটি। যাতে হাফিজের অবদানই অবশ্য বেশি (৯৮)। মাত্র ৭ রানে হাফিজকে দ্বিতীয় স্লিপে জীবন দিয়েছিলেন ইয়ান বেল। সেটার বড় মূল্যই দিতে হয়েছে ইংল্যান্ডকে। সেঞ্চুরি থেকে ২ রান দূরে থেকে বিদায়ের আগে হাফিজও পেরিয়েছেন টেস্টে তিন হাজার রানের মাইলফলক, ঢুকে পড়েছেন পাকিস্তান ক্রিকেটের এক অভিজাত তালিকায়। তাঁর আগে টেস্টে পাকিস্তানের হয়ে ৩ হাজার রান ও ৫০ উইকেট আছে মাত্র ৪ জনের।
হাফিজের পর ইউনিসের সঙ্গেও ৭৪ রানের জুটি মালিকের। ৭১ থেকে ৭৫—এই পাঁচ ওভারের মধ্যে ইউনিস আর মিসবাহ-উল-হককে হারিয়ে একটা ছোটখাটো ধাক্কা খেয়েছিল পাকিস্তান। কিন্তু বাকি সময়টায় আসাদ শফিকের সঙ্গে ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে সেটাও অনেকটা সামলে নিয়েছেন মালিক। তথ্যসূত্র: টেন ক্রিকেট।