মালিঙ্গা-পেরেরা জ্বললে পুড়বে কিউইরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাসিথ মালিঙ্গা ও থিসারা পেরেরা। ছবি: এএফপি
লাসিথ মালিঙ্গা ও থিসারা পেরেরা। ছবি: এএফপি
>

বিশ্ব ক্রিকেটে শ্রীলঙ্কা এখন আর পরাশক্তি নেই। তবে মালিঙ্গা ও পেরেরা জ্বলে উঠলে উড়িয়ে দিতে পারে যেকোনো প্রতিপক্ষকে। তাই শ্রীলঙ্কান সমর্থকদের চেয়ে থাকতে হবে অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের দিকে।

বিশ্ব ক্রিকেটে শ্রীলঙ্কা এখন যেন ক্ষয়িষ্ণু এক দল। ছিয়ানব্বইয়ের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ক্রিকেট পরাশক্তিদের অভিজাত ক্লাবে নাম লেখানো তিনবারের ফাইনালিস্টরা এবার কারও আলোচনাতেই নেই! নিজেদের দিনে যেকোনো বড় দলকে বিস্ময় উপহার দিতে পারে-শ্রীলঙ্কাকে নিয়ে বিশেষজ্ঞরা এবার শুধু এটাই বলতে পারছেন। র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বর দলকে নিয়ে আর কী প্রত্যাশাই-বা থাকতে পারে!

আইসিসি ওয়ানডে ব্যাটিং বা বোলিং র‍্যাঙ্কিংয়ে প্রথম ত্রিশে নেই শ্রীলঙ্কার ক্রিকেট বিশ্বকাপ দলের কেউই। তবে ওই যে বলা হচ্ছে কোনো কোনো ম্যাচে শ্রীলঙ্কা নষ্ট করতে পারে বড় কোনো দলের পার্টি, এটা হয়তো লাসিথ মালিঙ্গা আর থিসারা পেরেরা দলে আছেন বলেই। আশার বিপরীতে গিয়ে শ্রীলঙ্কাকে আশা দেখানোর মতো কিছু করতে পারেন এ দুজনই।

রঙিন কোঁকড়া চুলের ব্যতিক্রমী অ্যাকশনের ফাস্ট বোলার মালিঙ্গাকে নিয়ে নতুন করে কিছু না বললেও চলবে। এবারের ২০১৯ বিশ্বকাপের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ৩২২ উইকেটই তাঁরই। বয়স পঁয়ত্রিশের কোটা পেরিয়েছে, আগের গতি তাই কিছুটা হারিয়ে ফেলেছেন। কিন্তু ইনিংসের যেকোনো সময় উইকেট তুলে নেওয়ার সামর্থ্যে ঘাটতি এখনো আসেনি। ইয়র্কার, স্লোয়ার ইয়র্কার, বাউন্সার, রিভার্স সুইং-একজন ফাস্ট বোলারের যেসব অস্ত্র থাকা দরকার, তার সবই আছে মালিঙ্গার।

ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ তিনটি হ্যাটট্রিক তাঁর, যার দুটি বিশ্বকাপে। আন্তর্জাতিক ক্রিকেটকে ডাবল হ্যাটট্রিকের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন মালিঙ্গাই। যেটি তিনি করেছিলেন ২০০৭ বিশ্বকাপের সুপার এইটে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এবার যে আরেকটি হ্যাটট্রিকের চেষ্টায় থাকবেন প্রতিপক্ষ দলগুলোকে সেই হুমকিও দিয়ে রেখেছেন। মালিঙ্গার মতো বোলারের পক্ষে যে তা অসম্ভব নয়, সেটা তো জানা কথাই। আর যেদিন তিনি এ রকম বিধ্বংসী চেহারায় আবির্ভূত হবেন, ফেবারিট এক আর দশ নম্বর দলের পার্থক্য নিমিষেই উড়ে যায়। দিনটা হয়ে যায় শুধুই মালিঙ্গার!

আর থিসারা পেরেরা? শান্তিতে নিজের মতো খেলতে পারলে কী হতে পারে তার প্রমাণ এ বছরের শুরুর দিকেই পেয়েছে ক্রিকেট বিশ্ব। বছরের শুরুতে একটা টুইট করেছিলেন পেরেরা, ‘আমাকে শুধু নিজের কাজটা শান্তিমতো করতে দাও।’ পরের দিনই নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৫৭ বলে ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরি করে অসম্ভব এক লক্ষ্যকে দৃষ্টিসীমায় নিয়ে এসেছিলেন লোয়ার অর্ডারে নামা ব্যাটসম্যান। ৮টি চার এবং ১৩টি ছক্কায় ৭৪ বলে ১৪০ রানের সেই ইনিংসটি অনেকের চোখেই এখন পর্যন্ত এ বছরের সেরা। বাংলাদেশও একাধিকবার তাঁর এই বিধ্বংসী রূপের শিকার হয়েছে।

২০১৪ সালে ৬৭ রানেই শ্রীলঙ্কার প্রথম ৮ উইকেট তুলে নিলেও পেরেরার অপরাজিত ৮০ রানের কল্যাণে স্কোরবোর্ডে ১৮০ রান জমা করেছিল শ্রীলঙ্কা। ১৩ রানে ম্যাচটি জিতেছিল লঙ্কানরা। ১৫৪ ওয়ানডের ক্যারিয়ারে আরও ১১ বার ম্যাচসেরার পুরস্কার জেতা পেরেরার ম্যাচজয়ী চেহারাটাই ফুটিয়ে তোলে। প্রতিপক্ষকে ধ্বংস করে দিতে বল হাতে আবার মালিঙ্গার দোসরও হতে পারেন পেরেরা। চারবার পাঁচ উইকেট শিকার সেটারই জানান দিয়ে যায়। পাকিস্তানের বিপক্ষে একটি হ্যাটট্রিকও আছে তাঁর।

দুজনের একজনও জ্বলে উঠলে ম্যাচ জিততে পারে শ্রীলঙ্কা। আর যদি দুজন একসঙ্গে জ্বলে উঠলে কী হবে সেটা শুধু কল্পনাই করতে পারা যায়!