মালিঙ্গা-বিহীন লঙ্কার সামনে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লড়াইয়ের আগেই সেনাপতির ছিটকে পড়া। বাংলাদেশের জন্য সেটি বাড়তি মানসিক সুবিধা হতে পারে, লঙ্কান অধিনায়কের নামটি লাসিথ মালিঙ্গা বলেই। চোটের কারণে আজ খেলছেন না এই পেসার। মালিঙ্গা খেললে যা হয়, ম্যাচের আগে একটা বড় আলোচনা ছিল তাঁর বোলিং সামলানো। প্রথম ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ সেরা বোলিং করেই আন্তর্জাতিক ক্রিকেট ফিরে এসেছিলেন। মালিঙ্গার না-থাকা বাংলাদেশের জন্য সুখবর অবশ্যই।

তবে প্রতিপক্ষের শক্তির ধার কিছুটা কমা, না-কমায় আসলে কিছুই আসে যায় না। বাংলাদেশকে নিজের শক্তির পুরো সামর্থ্য দিয়ে খেলতে হবে। দুই দলের বোলিং শক্তি প্রায় কাছাকাছির। ব্যাটিংটাই তাই গড়ে দিতে পারে পার্থক্য। এখন পর্যন্ত টুর্নামেন্টে বাংলাদেশের ব্যাটিংটা আশানুরূপ হয়নি। এবার হবে?
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দলে কোনো পরিবর্তন নেই। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে জয়ী ম্যাচের দলই খেলছে আজও। টসে জিতে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বললেন, ‘উইকেট দেখে ব্যাটিংয়ের জন্য ভালোই মনে হচ্ছে। নতুন পিচ, এখানে স্পিনারদের জন্য কিছু থাকতে পারে। অবশ্য শিশিরের ওপরও অনেক কিছু নির্ভর করবে।’ আশার কথা হলো, এই উইকেটে অতটা ঘাস নেই। ফলে রান তোলাটা তেমন কঠিন হওয়ার কথা নয়।
বাংলাদেশ অবশ্য ম্যাচের দ্বিতীয় বলেই গত ম্যাচের সর্বোচ্চ স্কোরার মিঠুনকে হারিয়ে ফেলেছে। মালিঙ্গা নেই তো কী হয়েছে; চামিরা, কুলাসেকারা পেরেরা তো আছেনই। সঙ্গে আছেন ম্যাথুসও। সেই বার্তাই যেন প্রথম ওভারেই দিয়ে দিল লঙ্কানরা।
শ্রীলঙ্কা দলে পরিবর্তন ওই একটিই। মালিঙ্গার বদলে লঙ্কান দলে এসেছেন থিসারা পেরেরা। মালিঙ্গা না থাকলেও লঙ্কান দলের আত্মবিশ্বাসে কোনো ভাটা পড়ছে না। ২০১৩ সালের জানুয়ারির পর এই প্রথম লঙ্কানদের টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়া অ্যাঞ্জেলো ম্যাথুস জানালেন তেমনটিই, ‘ছেলেরা অনেক আত্মবিশ্বাসী। অনুশীলনে বেশ ভালোই করেছে সবাই।’
এশিয়া কাপে প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও পরের ম্যাচে আমিরাতের বিপক্ষে বড় জয়ই পেয়েছে বাংলাদেশ। যদিও তাতে বোলারদের অবদানই ছিল বেশি। তবে আজ শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হলে বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানদের ভালো পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ।