মালয়েশিয়া গেছে সৈয়দপুর ক্রিকেট ক্লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি ওয়ান ডে ও একটি টি-টোয়েন্টি খেলতে মালয়েশিয়া গেছে নীলফামারীর সৈয়দপুরের ন্যাশনাল ক্রিকেট ক্লাব। আজ বৃহস্পতিবার ১৯ সদস্যের দলটি এয়ার এশিয়ার একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে। দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

ন্যাশনাল ক্রিকেট ক্লাবের সভাপতি হুমায়ুন কবির জানান, মালয়েশিয়াতে ক্রিকেট উন্নয়নে ব্যাপক কাজ হচ্ছে। সেই কর্মসূচিকে সামনে রেখে বাংলাদেশের জাতীয় ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন সৈয়দপুরের ন্যাশনাল ক্রিকেট ক্লাবকে আমন্ত্রণ জানায় মালয়েশিয়ার রয়্যাল এয়ারফোর্স। দেশটির রাজধানী কুয়ালালামপুরে বিমানবাহিনীর মাঠে দুটি ওয়ান ডে সিরিজ হবে ২১ ও ২২ সেপ্টেম্বর। আর ২৩ সেপ্টেম্বর দিবারাত্রি টি-টোয়েন্টি ম্যাচটি হবে ক্লাব আমান স্টেডিয়ামে।

ন্যাশনাল ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক আরমান মুন বলেন, দলটির নেতৃত্ব দিচ্ছেন নীলফামারী-৪ আসনের সাংসদ ও বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী। ১৯ সদস্যের দলটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আশরাফুল ।
সাংসদ শওকত চৌধুরী বলেন, ‘মালয়েশিয়ায় সিরিজ জয় করেই আমরা দেশে ফিরব।’ এর জন্য তিনি দেশবাসীর শুভ কামনা প্রত্যাশা করেন তিনি।