মালয়েশিয়া যাওয়া হচ্ছে না সোহাগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী কয়েকটা দিন কালপাগের সঙ্গেই বেশি সময় কাটাতে হবে সোহাগকে। মিরপুরে কাল সেটা নিয়েই কথা হচ্ছিল দুজনের l প্রথম আলো
আগামী কয়েকটা দিন কালপাগের সঙ্গেই বেশি সময় কাটাতে হবে সোহাগকে। মিরপুরে কাল সেটা নিয়েই কথা হচ্ছিল দুজনের l প্রথম আলো

ভিসা হয়ে গিয়েছিল। হয়তো আজ-কালের মধ্যেই উড়াল দিতেন মালয়েশিয়ার উদ্দেশে। কিন্তু সোহাগ গাজী শেষ পর্যন্ত মালয়েশিয়া যাচ্ছেন না। বাংলাদেশে থেকেই তিনি বোলিং অ্যাকশন শুদ্ধিকরণের কাজ করবেন জাতীয় দলের স্পিন কোচ রুয়ান কালপাগের সঙ্গে।
বিসিবি প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল, মালয়েশিয়ার সেলাঙ্গরের ন্যাশনাল ইউনিভার্সিটিতে কর্মরত জাতীয় দলের সাবেক সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছেই পাঠানো হবে সোহাগকে। এর আগে বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক নিষিদ্ধ হওয়ার পর তাঁর সফল প্রত্যাবর্তনে বড় ভূমিকা রেখেছিলেন সালাউদ্দিন। সে কারণেই তাঁকে বেছে নেওয়া।
কিন্তু হঠাৎ করেই ব্যস্ততা বেড়ে গেছে সালাউদ্দিনের ন্যাশনাল ইউনিভার্সিটি ক্রিকেট দলের। পর পর স্থানীয় দুটি টুর্নামেন্টে অংশ নেবে বলে সালাউদ্দিনকে দলের সঙ্গেই থাকতে হবে। এ অবস্থায় দীর্ঘ সময়ের জন্য সোহাগের দায়িত্ব নিতে পারছেন না তিনি। সোহাগ মালয়েশিয়ায় গেলে সেখানে হয়তো সালাউদ্দিন তাঁকে সাহায্য করতে পারবেন। কিন্তু এ মুহূর্তে তাঁর পক্ষে বাংলাদেশে এসে কাজ করা সম্ভব নয়। বিসিবির পরিকল্পনা ছিল, সোহাগকে ৯ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় রাখা হবে। এরপর দেশে ফিরে সালাউদ্দিনের নির্দেশনা অনুযায়ী কাজ করবেন তিনি। পরবর্তী সময়ে সালাউদ্দিন দেশে এসেও কিছুদিন কাজ করবেন সোহাগের সঙ্গে।
সেটা যখন হচ্ছেই না, এখন কালপাগেই ভরসা সোহাগের জন্য। জিম্বাবুয়ে সিরিজের মধ্যেই সোহাগের সঙ্গে আলাদা করে কাজ করার কথা শ্রীলঙ্কান এই স্পিন কোচের। তাঁকে এ জন্য তাঁর পরিকল্পনা জানাতে বলেছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ।