মাশরাফি আবার...

‘ওস্তাদ!’
পরিচিত এক ভদ্রলোকের সঙ্গে ডিনারে গিয়েছিলেন কোর্টনি ওয়ালশ। হোটেলে ফিরে গাড়ি থেকে নামতেই পেছন থেকে ওই ডাক, ‘ওস্তাদ!’
ক্যারিবিয়ানদের দৃষ্টি আকর্ষণ করতে একটি মাত্র ডাক যথেষ্ট নয়। ওয়ালশও ‘ওস্তাদ’ শুনেই ঘাড় ফেরালেন না। আগে সঙ্গীকে বিদায় জানালেন। এরপর ফিরলেন পেছন দিকে। মাশরাফি বিন মুর্তজা ততক্ষণে স্লিংটা একটু উঁচিয়ে ধরেছেন। বোলিং কোচকে প্লাস্টারে মোড়ানো হাত দেখিয়ে ভাঙা গলায় বললেন ‘ব্রোকেন...’।
ওয়ালশ এসে জড়িয়ে ধরলেন মাশরাফিকে। পিঠ চাপড়ে সান্ত্বনা দিলেন। কিন্তু মুখে যা বললেন, তাতে মনে হলো খেলোয়াড়দের মাঝেমধ্যে চোটে পড়া খারাপ নয়, ‘কোথাও ঘুরে আসো। পরিবারকে সময় দাও। সব ঠিক হয়ে যাবে।’
দুটি বছর ভালোই ছিলেন মাশরাফি। একের পর এক সাফল্যের মালা পরেছেন গলায়। বড় বড় দলকে হারিয়ে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ নতুনভাবে পরিচিতি পেয়েছে তাঁর হাত ধরেই। ক্যারিয়ারের শুরু থেকে যে চোট-আঘাত মাশরাফির সঙ্গী, এই দুই বছর সেটাও ছিল দূরে। কিন্তু কাল বে ওভালে বিনা মেঘে বজ্রপাতের মতো আবারও ছুরি চালাল পুরোনো শত্রু। এবার আর পা, কাঁধ বা পিঠে নয়। মাশরাফির দীর্ঘ চোটের তালিকায় যেটি এত দিন ছিল না, কাল সেই চোটেই আক্রান্ত হলেন। ক্যারিয়ারে প্রথম গুরুতর চোট পেলেন আঙুলে। ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ধবলধোলাইয়ের হতাশাকে যেন ছাপিয়ে গেল মাশরাফির জন্য নীরব কান্না!
ইনিংসের ১৮তম ওভারে নিজের বলে কোরি অ্যান্ডারসনের শট ঠেকাতে ডান হাতটা বাড়িয়ে দিয়েছিলেন। বল এসে লাগল বুড়ো আঙুলের গোড়ায়।
মাশরাফি নাকি তখনই বুঝে গিয়েছিলেন সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে, ‘বলটা লাগার সঙ্গে সঙ্গেই বুঝেছি হাত ভেঙে গেছে।’ এর মধ্যে একটু রসিকতাও জুড়ে দিলেন, ‘আমি তো ভাই তখন খুঁজতেছি, আঙুলটা কোথায় গিয়ে পড়ল।’
ম্যাচের পর তাউরাঙ্গার এক হাসপাতালে এক্স-রে করানো হয় মাশরাফির। রিপোর্ট হাতে পেয়ে সংবাদ বিজ্ঞপ্তি মারফত ফিজিও ডিন কনওয়ে দিলেন দুঃসংবাদ, ‘এক্স-রে রিপোর্টে নিশ্চিত হওয়া গেছে যে মাশরাফির ডান মেটাকারপালে চিড় ধরেছে। সুস্থ হতে চার থেকে ছয় সপ্তাহ লাগবে বলে আশা করি, এরপর হবে সংক্ষিপ্ত পুনর্বাসন।’
টেস্ট দলে মাশরাফি এমনিতেও নেই। ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টও খেলবেন না তিনি। তবে মার্চ-এপ্রিলের শ্রীলঙ্কা সিরিজের আগে পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে পারবেন কি না, সেটাই প্রশ্ন। মাশরাফি আশাবাদী, কারণ শ্রীলঙ্কায় আগে হবে টেস্ট। তার মানে আট সপ্তাহের পরও মাঠে ফিরতে বাড়তি কিছু সময় পাবেন।
টি-টোয়েন্টি সিরিজ শেষে পরিবার নিয়ে অকল্যান্ড ও সিডনি ঘুরতে যাওয়ার পরিকল্পনা ছিল মাশরাফির। স্ত্রী সুমী, দুই সন্তান হুমায়রা ও সাহিল এবং ছোট ভাই সিজার দুই-তিন দিন হলো তাউরাঙ্গায় চলেও এসেছেন। অকল্যান্ডে আজ সপরিবারে ঠিকই যাচ্ছেন মাশরাফি, তবে বেড়ানোর আনন্দটা কেড়ে নিয়েছে চোট। স্ত্রী সুমী তো বেড়ানো বাদ দিয়ে এখনই দেশে ফিরে যেতে চাচ্ছেন। সেটা শেষ পর্যন্ত না হলেও অকল্যান্ড-সিডনি ঘোরার পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনছেন মাশরাফি, ‘এখানকার ডাক্তাররা বলেছেন অস্ত্রোপচার লাগবে না। তবে হাড়টা যেহেতু ভেঙে আলগা হয়ে গেছে, আমি চাচ্ছি আরেকজন বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শ নিতে। অকল্যান্ডে চার দিন পর ডাক্তার দেখাব। এরপর সিডনি গিয়েও চেষ্টা করব কাউকে দেখাতে।’
মাশরাফির আঙুলে চিড় ধরার দুঃসংবাদ ছড়িয়ে পড়ার পর কাল সন্ধ্যায়ই সিরিজ কাভার করতে আসা সাংবাদিকেরা ভিড় করেছিলেন টিম হোটেল ট্রিনিটি ওয়ার্ফে। লবিতে মাশরাফির সঙ্গে নেমে এসেছিল দুই সন্তানও। হোটেল লবিতেই ছোটাছুটি করছিল হুমায়রা আর সাহিল। বাবার হাত প্লাস্টারে বাঁধা, কিন্তু ওদের জন্য তো আর এই দৃশ্য নতুন নয়। আঙুলে এর আগে চোট না পেলেও এক্স-রে, এমআরআই, অস্ত্রোপচার—এসব করেই কেটেছে মাশরাফির অর্ধেক ক্যারিয়ার। হাঁটু থেকে সিরিঞ্জ দিয়ে ফ্লুইড বের করার ভিডিও, পায়ে লাগানো নি-ক্যাপ বা টেপিংয়ের ছবি—এসবের সঙ্গে কাল তাঁর মুঠোফোনের অ্যালবামে যোগ হয়েছে সর্বশেষ আঙুলের চোটের এক্স-রে ফিল্মের কয়েকটি স্ন্যাপও। হোটেল লবিতে বসে মুঠোফোন খুলে সেগুলো দেখাচ্ছিলেন আর বর্ণনা দিচ্ছিলেন মাশরাফি, ‘এই দেখেন মাঝখানে কেমন ফাঁক হয়ে গেছে। হাড়টা অল্প একটু লেগে আছে। এটুকুইবা লেগে থাকার কী দরকার ছিল...।’
পাশ দিয়ে যেতে থাকা তাসকিন আহমেদ জটলা দেখে এগিয়ে এলেন। এক্স-রের ছবি দেখে হাঁ হয়ে গেল তাঁর মুখ। মাশরাফির প্রতি অনুযোগ, ‘ভাই ওভাবে হাত বাড়ানোর দরকার ছিল কি?’ একটু পর লবিতে আসা সাকিব আল হাসান স্মৃতিচারণা করলেন, ‘এর আগেও একবার উনি এভাবে হাত বাড়িয়ে ইনজুরড হয়েছেন।’
অ্যান্ডারসনের শটটা না ঠেকালে হয়তো সেটা চার হতো। অথবা এক-দুইও হতে পারত। এই কয়টা রান ঠেকাতে নিজেকে এভাবে বিপদের দিকে ঠেলে দিলেন মাশরাফি! আসলে এ রকম পরিস্থিতির কোনো ব্যাখ্যা থাকে না খেলোয়াড়দের কাছে। বল এলে সেটা ঠেকাতে হবে, এর বাইরে মাথায় অন্য কোনো চিন্তা মাথায় আসে না তখন। মাশরাফিও স্বভাবজাত কারণেই হাতটা বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু বলটাকে মাঠের বাইরে যাওয়া থেকে আটকাতে গিয়ে তিনি নিজেই যে ছিটকে যাবেন মাঠের বাইরে, সেটা কি আর তখন জানতেন!
স্বভাবজাতভাবে মাশরাফি আরেকটা কাজও করলেন কাল। চোটাঘাতের আলোচনার মধ্যেই তুললেন খেলার প্রসঙ্গ। দুঃখ করে বলছিলেন, ‘ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে আমাদের অন্তত দুটি ম্যাচ জেতা উচিত ছিল। আমাদের দিক থেকে আমরা সে জায়গায় ছিলাম।’ কালকের ম্যাচটা নিয়ে হতাশাটা একটু বেশিই, ‘১ উইকেটে আমাদের তখন ৮২ রান। ১২ ওভারে দরকার ১১২। সেখান থেকে কেউ ম্যাচ হারে! এটাই সবচেয়ে বেশি খারাপ লেগেছে। তখন মনে হচ্ছিল দল এভাবে হেরে গেলে হাত ভাঙলেই কী...।’
অবশ্য হাতে ব্যথা পেয়ে মাঠ ছাড়ার পর অন্য কিছুই মনে হচ্ছিল তাঁর, ‘তখন মনে হচ্ছিল আমরাই জিতব। আল্লাহ আর কত কেড়ে নেবেন আমাদের কাছ থেকে। একটা কিছু তো দেবেন...।’
মাশরাফির আশা শেষ পর্যন্ত পূরণ হয়নি। স্লিংয়ে ঝোলানো হাত নিয়েও তবু থামে না স্বপ্ন দেখা, ‘সামনে বড় কিছু হবে দেখবেন। খুব ভালো সময় আসছে। সব খারাপ হতে পারে না...।’
আপাতত মাশরাফির দ্রুত সুস্থ হয়ে ওঠাটাই হবে বাংলাদেশের ক্রিকেটের জন্য সবচেয়ে বড় সুসংবাদ।