মাশরাফি জানতেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই চেনা দৃশ্য। চেনা উৎসব। ড্রেসিংরুমের সামনে রঙের ফোয়ারা। সতীর্থদের গায়ে পানি ছিটাতে ছিটাতে বোতল খালি করে ফেললেন নাসির হোসেন। সংবাদ সম্মেলনে যাওয়া-আসার পথে মাশরাফির পেছনে পেছনে ‘পঙ্গপাল’ সাংবাদিক। যেন এই মানুষটার কাছে জানার শেষ নেই! নাকি তাঁর ক্ষণিকের সাহচর্য পাওয়ার আশায়? এ রকম সময়গুলোতে কোত্থেকে যেন কিছু দর্শক মাঠে ঢুকে পড়েন। লাল-সবুজ জার্সি পরা কাউকে দেখলেই তোলো সেলফি। বজ্র আঁটুনি নিরাপত্তা খসে পড়ে ভালোবাসার জোয়ারে।
বাংলাদেশ জিতলে এই-ই হয় শেরেবাংলা স্টেডিয়ামে। আনন্দের প্লাবনে ভেসে যায় সব। সংবাদ সম্মেলনেও ব্যতিক্রম হয় না। মাশরাফি এমনিতেই রসিক মানুষ। জয়ের পর চারদিকে ভাসতে থাকা সুখের রেণু তাঁর রসবোধকে আরও জাগ্রত করে তোলে। সাংবাদিকদের উদ্দেশ করে কাল যেমন হাসতে হাসতে বললেন, ‘সবাই নাকি টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করতে ৫ তারিখেই ভারতে চলে যাচ্ছেন? আপনারা তো বিশ্বাসই করেননি, আমরা এশিয়া কাপের ফাইনাল খেলব।’
বিশ্বাস কি মাশরাফি করেছিলেন? এশিয়া কাপ শুরুর আগে ঘুণাক্ষরেও কি ভেবেছিলেন বাংলাদেশ দলের দুর্বলতম স্থান টি-টোয়েন্টিরই মহাদেশীয় আসরের ফাইনাল খেলবেন? বিস্ময়কর হলেও সত্যি, মাশরাফি নাকি ভেবেছিলেন! সংবাদ সম্মেলনে কাল সেই গোপন কথাটি ফাঁস করে দিলেন বাংলাদেশ অধিনায়ক, ‘ভারতের কাছে হারার পরও আমার বিশ্বাস ছিল, আমরা ফাইনাল খেলব। আমি খেলোয়াড়দের বলেছিলাম, আমরা এখনো ফাইনাল খেলতে পারি।’
মাশরাফি বলেছিলেন সম্ভাবনার কথা, সামর্থ্যের কথা। তবে এটা বলে সতীর্থদের মাথায় ফাইনাল খেলার বাধ্যবাধকতার চাপ তুলে দেননি, ‘শুরু থেকেই বলেছি, আমরা চ্যাম্পিয়ন হতে আসিনি। এখানে যা-ই করব, সেটাই অর্জন। সবচেয়ে বড় কথা, দল হিসেবে যেন খেলতে পারি। এত দিন যা চেষ্টা করেছি, তা যেন কাজে লাগাতে পারি।’
সেটা কাজে লাগিয়ে কাল টি-টোয়েন্টিতে নিজেদের সেরা সাফল্যটাই তুলে নিল মাশরাফির দল। এই সাফল্যে সবচেয়ে বড় দ্রষ্টব্য হলো, এটা কারও একার হাত ধরে আসেনি। বল হাতে তাসকিনের দুর্দান্ত শুরু, আল আমিনের ৩ উইকেট, সাকিবের অসাধারণ ক্যাচ, ব্যাট হাতে সৌম্যের নিজেকে ফিরে পাওয়া কিংবা মাহমুদউল্লাহর আরও একবার নির্ভরযোগ্য হয়ে ওঠা—এর কোনোটা ছাড়াই কি সম্ভব ছিল পাকিস্তানকে হারানো!
এর মধ্যে মাহমুদউল্লাহ কিছুটা বাড়তি কৃতিত্ব দাবি করতেই পারেন। আগের দুই ম্যাচের মতো কালও তিনি অপরাজিত। এবার তো ২২ রানের ইনিংসে ম্যাচই জিতিয়ে ফিরলেন মাঠ থেকে! চার বছর আগের আক্ষেপটাও বোধ হয় তাতে ঘুচল। ২০১২-এর এশিয়া কাপের ফাইনালে এই পাকিস্তানের কাছেই ২ রানে হেরে কান্নায় ভেঙে পড়েছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ওই ম্যাচেও ইনিংসের শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ উইকেটে ছিলেন। শেষ বলে ৪ রান দরকার ছিল জয়ের জন্য। শাহাদাত হোসেন লেগ বাইয়ে নিতে পারলেন মাত্র এক। তীরে এসেও তরি ডোবার হতাশায় ডুকরে উঠেছিলেন নন স্ট্রাইকিং ব্যাটসম্যান মাহমুদউল্লাহ। কাল ব্যাটিংয়ে যাওয়ার আগে ড্রেসিংরুমে নিজেই নাকি সেই ম্যাচের কথা বলেছিলেন সতীর্থদের। ব্যাপারটা মাশরাফির মাথায়ও ছিল বলে চাচ্ছিলেন, মাহমুদউল্লাহই নিক উইনিং শটটা।
কাল আনোয়ার আলীকে বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করার পর তাঁর লাগামহীন উল্লাসই বলে দিচ্ছিল বুকের ভেতর পুষে রাখা যন্ত্রণার কথা। শূন্যে ঘুষি মারলেন, গ্লাইড করে হারিয়ে গেলেন ড্রেসিংরুম থেকে ছুটে আসা সতীর্থদের স্রোতে। মাহমুদউল্লাহ-মাশরাফিদের সেই উৎসব ঢেউ হয়ে ছড়িয়ে পড়ল শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে। এমন উৎসবের রাতেও দলের প্রতি অধিনায়কের বার্তা—পা’টা মাটিতেই রাখতে হবে। প্রত্যাশা আছে সমর্থকদের কাছেও, ‘কেউ যেন এমন কিছু না করে, যাতে খেলোয়াড়দের ওপর চাপ তৈরি হয়।’
মাশরাফির নিজেরও জানার কথা, এই অনুরোধে কাজ হওয়ার সম্ভাবনা কম। তাঁর হাতে বাংলাদেশ দল সত্যিকারের বাঘ হয়ে উঠতে পারে। তাঁর হুংকার প্রতিপক্ষের আত্মারাম খাঁচাছাড়া করে দিতে পারে। কিন্তু বাংলাদেশের দর্শক-সমর্থকদের নিয়ন্ত্রণ করার দূর নিয়ন্ত্রণ যন্ত্রটি তাঁর হাতে নেই। প্রত্যাশার বেলুনে প্রতিনিয়ত গ্যাস ভরছেন মাশরাফি আর তাঁর সতীর্থরাই। সেই বেলুনকে উড়তে মানা করার সাধ্য কার! ফাইনালের স্বপ্নপূরণ তাই আরেকটা স্বপ্নেই আলো ফেলতে শুরু করেছে। ২০১৬-এর এশিয়া কাপ ২০১২-এর এশিয়া কাপ না হয়ে যাওয়ার স্বপ্ন।