মাশরাফি নেই, মাশরাফি আছেন...

অস্ট্রেলিয়া সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সফর সামনে রেখে গত ২২ জুন ২৯ জনের প্রাথমিক দল দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কাল থেকে চট্টগ্রামে এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ। চট্টগ্রাম পর্বের আগে স্কোয়াডে কিছুটা বদল এনেছে বিসিবি।
চট্টগ্রামে অনুশীলন ও তিন দিনের প্রস্তুতি ম্যাচের জন্য কাল রাতে যে ২৫ জনের দল দিয়েছে বিসিবি, তাতে অবশ্য নেই বৃহস্পতিবার কলকাতা থেকে ফেরা মাশরাফি বিন মুর্তজার নাম। তবে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন কাল রাতে নিশ্চিত করেছেন, চট্টগ্রাম পর্বে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক থাকছেন। মাশরাফি যেহেতু অনেক দিন বড় দৈর্ঘ্যের ক্রিকেট থেকে দূরে আছেন, তিনি তাই শুধু অনুশীলনেই অংশ নেবেন। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী বুধবার থেকে শুরু তিন দিনের ম্যাচটা খেলবেন না।
সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাওয়া সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ স্বাভাবিকভাবেই থাকছেন না এই দলে। মাত্র ডেঙ্গু থেকে সেরে ওঠা এনামুল হক নেই নতুন তালিকায়। নেই আবুল হাসান, মুক্তার আলী ও সাইফউদ্দিনও। তবে নতুন করে যোগ হয়েছেন নাজমুল হোসেন ও দুই অফ স্পিনার সানজিত সাহা এবং নাঈম হাসান (অনূর্ধ্ব-১৯ দলের)। চট্টগ্রাম পর্বের দল নিয়ে মিনহাজুল বললেন, ‘এটা চূড়ান্ত কোনো দল নয়। রাজু (আবুল হাসান)-মুক্তারকে আমরা বড় দৈর্ঘ্যের ক্রিকেটে আপাতত খেলাচ্ছি না। আর সানজিত-নাঈমকে নেওয়া হয়েছে প্রস্তুতি ম্যাচের কথা চিন্তা করে।’
সপ্তাহখানেকের অনুশীলন শেষে বাংলাদেশ দল ঢাকায় ফিরবে ১২ আগস্ট।
চট্টগ্রাম-পর্বে বাংলাদেশ দল:
মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, নুরুল হাসান, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম, রুবেল হোসেন, সানজামুল ইসলাম, আল আমিন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, লিটন দাস, তানভীর হায়দার, নাজমুল হোসেন, নাঈম হাসান, সানজিত সাহা ও সাকলাইন সজীব।