মাশরাফি বললেন, ইতিহাসের শুরু কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইতিহাসের বীরদের স্মরণ করছেন মাশরাফি। ছবি: স্ক্রিনশট
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইতিহাসের বীরদের স্মরণ করছেন মাশরাফি। ছবি: স্ক্রিনশট
>২৩ বছর আগে আজকের এই দিনে কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতে বাংলাদেশ। দিনটিকে মনে করতে ভুললেন না মাশরাফি বিন মুর্তজা।

পরের ধাপে পৌঁছাতে একটা বড় লাফ খুব দরকার ছিল বাংলাদেশের ক্রিকেটের। পরের ধাপটা ছিল বিশ্বকাপে খেলা। ক্রিকেটের সবচেয়ে বড় বৈশ্বিক টুর্নামেন্টের টিকিট পেতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিততেই হতো। যেই টুর্নামেন্টে বাংলাদেশের অতীত রেকর্ড গর্ব করার মতো ছিল না।

১৯৯৭ সালের ১৩ এপ্রিল গর্ব করার মতো কিছু করে দেখানোর সেই সুযোগটা পেয়ে যায় বাংলাদেশ দল। সুযোগ আসে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক অধ্যায় যোগ করার। সুযোগটি কাজেও লাগায় আকরাম খানের বাংলাদেশ দল। মালয়েশিয়ায় সেদিন চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেটের চেহারাই পাল্টে দেন আকরাম-আমিনুল-মিনহাজুলরা।

ফেসবুক স্ট্যাটাস দিয়ে বাংলাদেশ ক্রিকেটের ঐতিহাসিক দিনটি স্মরণ করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আকরাম খান ও তাঁর দলের উল্লাসের ছবি জুড়ে দিয়ে তিনি লিখেছেন, 'ইতিহাসের শুরু হয়েছিল আপনাদের হাত ধরেই। হাজার মাইল দীর্ঘ সফরের শুরু একটি ধাপ থেকে। আর কী বড় ধাপটাই না ছিল বাংলাদেশের জন্য।'

কেনিয়াকে হারিয়ে আইসিসি ট্রফির শিরোপা জয়ের সঙ্গে ১৯৯৯ সালের বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে বাংলাদেশ দল। প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই স্কটল্যান্ড ও পরাশক্তি পাকিস্তানের বিপক্ষে জয়। সেখান থেকে অনেক উত্থান-পতনের মধ্য দিয়েই বাংলাদেশের আজকের ক্রিকেট। সবকিছুরই শুরু ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের মধ্য দিয়ে।