
টেস্ট ক্রিকেটের মজাটাই এখানে। এখানে প্রতিটি সেশনেই ম্যাচের রূপ বদলাতে পারে। আর সে কারণেই আগের দিন শেষে বাংলাদেশকে যে সুবিধাজনক অবস্থানে মনে হচ্ছিল, কাল দিন শেষে সেই অবস্থানে পাকিস্তান। কিন্তু এখান থেকেও ভালো খেলে ফিরে আসা সম্ভব। প্রতিটি সেশন এখানে গুরুত্বপূর্ণ। আমরা যদি সেশন ধরে এগোই, ছোটখাটো ব্যাপারগুলো মাথায় রাখি, আমার মনে হয় ঘুরে দাঁড়ানো অসম্ভব কিছু না। একটা সেশনেই আবার ম্যাচের রং বদলে যেতে পারে। সে কারণেই আজ বাংলাদেশের ভালো খেলাটা খুবই জরুরি।
দুই দিন দেখার পর উইকেটটা যে রকম মনে হলো, এখানে বোলিং করা খুব কঠিন। এখন তাই খুব আঁটসাঁট বোলিং করতে হবে যাতে রানটা সহজে না হয়। যেটা পাকিস্তান করেছে। রান তোলার গতি কমে গেলে ব্যাটসম্যানরা একটা সময় ঝুঁকি নিয়ে শট খেলা শুরু করেন। তাতে করে ভুল করে উইকেট হারানোর সম্ভাবনা বাড়ে।
পরশু যেভাবে বাংলাদেশ ব্যাট করছিল, আমি আশা করেছিলাম হয়তো আমাদের রান ৪৫০ থেকে ৫০০ হবে। কিন্তু পাকিস্তানের বোলারদেরও কৃতিত্ব দিতে হবে। এই উইকেটেও ওরা খুব নিয়ন্ত্রিত বোলিং করেছে। যেটা আমি আগেই বলেছি, উইকেটে বোলারদের জন্য তেমন কিছু ছিল না। তার পরও ওরা ধৈর্য দেখিয়েছে। সেই পরিশ্রমের সুফলও পেয়েছে। ওদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তোলাটা একটু কঠিন হয়ে গিয়েছিল আমাদের ব্যাটসম্যানদের জন্য।
আমার মনে হয় এখান থেকে বাংলাদেশের বোলারদের শেখার আছে। আজ ওদেরও উচিত হবে রান আটকে রাখার দিকে বেশি মনোযোগ দেওয়া। অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝি, এই উইকেটের আচরণ খুব বেশি বদলাবে না। আমরা জিম্বাবুয়ের বিপক্ষে এই মাঠে টেস্ট খেলেছি নভেম্বরে। তখনই দেখা গেছে, যতই দিন গড়াতে থাকে এ উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো হতে থাকে। এখানে তাই খুব ভালো বোলিং করলেও উইকেট পেতে ভাগ্যের সহায়তা লাগবে।
পাকিস্তান চাইবে এ সুযোগটা কাজে লাগাতে। প্রথম ইনিংসেই যত বেশি পারা যায় রান তুলতে চাইবে তারা। আমার মনে হয় পাকিস্তান এখন চাইবে ৪৫০ থেকে ৫০০, এমনকি যদি পারে ৬০০ রান তুলে নিতে। তাতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ওপর চাপটা অনেক বেড়ে যাবে। আর এ কারণেই আমার মনে হয়, আজ আমাদের পরিকল্পনা হওয়া উচিত, ওদের রান তোলাটা কঠিন করে দেওয়া। আর সেটা করতে পারলে উইকেট পাওয়ার সম্ভাবনাও বাড়বে।