মাশরাফি ভাবছেন অন্যভাবে

অধিনায়ক হিসেবে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ডটি এত দিন ছিল হাবিবুল বাশারের দখলে। কাল আফগানিস্তানের বিপক্ষে পাওয়া রুদ্ধশ্বাস জয়ে সেটি নিজের করে নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এখন পর্যন্ত মোট ৫৩টি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। এর ৩১টিতেই জয় পেয়েছে বাংলাদেশ, হার ২১টিতে।
টেস্ট ও ওয়ানডেতে হাবিবুলের নেতৃত্বে ৮৭ ম্যাচ খেলে বাংলাদেশের জয় ৩০টি ও হার ৫৩টি। তিন সংস্করণের ক্রিকেট মিলিয়ে সাকিব আল হাসান নেতৃত্ব দিয়েছেন ৬২ ম্যাচে, জিতেছেন ২৪টিতে। আর মুশফিকুর রহিমের নেতৃত্বে ৮৪ ম্যাচে জয়ের সংখ্যা ২৩টি।
কিন্তু সবচেয়ে বেশি ম্যাচ জেতা অধিনায়ক হওয়ার গর্ব মাশরাফিকে তেমন একটা স্পর্শ করছে না। মুঠোফোনে বলছিলেন, ‘আমি এটা জানতাম না, এমনকি জানার পরও এটাকে বিশেষ কিছুই মনে হয়নি। এটা এমন কোনো ঘটনা নয়। স্বাভাবিক প্রক্রিয়ায়ই এসব জয় এসেছে।’
মাশরাফির কাছে এই রেকর্ডের চেয়েও গুরুত্বপূর্ণ আফগানিস্তানকে হারানোর ধরনটা, ‘আমি বেশি রোমাঞ্চিত বরং ওটা নিয়েই...আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে যেভাবে জিতলাম। এভাবে দল আরও ঐক্যবদ্ধ হয়ে ওঠে।’ অধিনায়কের ধারণা, অনেক দিন পর খেলতে নামাতেই লড়াইয়ের ওই স্পৃহাটা পেয়েছেন দলের খেলোয়াড়েরা, ‘আমার মনে হয়, অনেক দিন পর খেলতে নামাতেই সবাই এভাবে খেলেছে। এ রকম জয় মাঝেমধ্যেই প্রয়োজন। তাহলে কার কী ভুল ধরা পড়ে, সেগুলো শোধরানোর উপায় বের করা যায়। খেলোয়াড়দের মধ্যে পেশাদারি মনোভাব ফুটে ওঠে। নিজেকে সবাই নতুনভাবে চিনতে পারে।’