
জাতীয় দলের খেলোয়াড়দের বেশির ভাগই এখন শ্রীলঙ্কায়। তবু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দলবদলের প্রথম দিনটি একেবারে তারকাবিহীন হয়নি। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা মহানগর ক্রিকেট কমিটির (সিসিডিএম) কার্যালয়ে দলবদল করতে আসেন মাশরাফি বিন মুর্তজা, নাসির হোসেনদের মতো তারকারাও।
প্রথম দিনে দলবদল করেছেন ৮৭ জন খেলোয়াড়। মাশরাফি কলাবাগান ক্রীড়া চক্র ছেড়ে যোগ দিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জে। গাজী গ্রুপ ক্রিকেটার্স ছেড়ে তাঁর সঙ্গী হয়েছেন মো. শরীফ। আগের মৌসুমে প্রাইম দোলেশ্বর স্পোর্টিংয়ে খেলা নাসির হোসেন এবার গাজী গ্রুপে। জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে নুরুল হাসান নাম লিখিয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। শুভাগত হোম আবাহনীতে, সানজামুল ইসলামও তা-ই। তবে গতবার আবাহনীতে খেলা আবুল হাসান এবার খেলবেন কলাবাগান ক্রীড়া চক্রে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো খেলা তুষার ইমরানের দল কলাবাগান ক্রীড়া চক্র। এই দলেই এবার খেলবেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মোহাম্মদ আশরাফুল।
প্রথম দিনে দল প্রায় গুছিয়ে ফেলেছে খেলাঘর সমাজকল্যাণ সমিতি। প্রথম বিভাগ থেকে প্রিমিয়ারে উন্নীত হওয়া এই দলে আছেন অভিজ্ঞ নাফিস ইকবাল, ডলার মাহমুদ ও নাজিমউদ্দিন। দল বেশ খানিকটা গুছিয়ে ফেলেছে লিজেন্ডস অব রূপগঞ্জও।
জাতীয় দলের খেলোয়াড়েরা দলবদল করবেন দেশে ফেরার পর। গত প্রিমিয়ার লিগে দলবদল হয়েছে ‘প্লেয়ার ড্রাফট’ পদ্ধতিতে। এবার সেটি উন্মুক্ত পদ্ধতিতে হওয়ায় খেলোয়াড়েরা দল বেছে নিচ্ছেন দরদাম করে।