মাশরাফি-সাব্বিরের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেড়ে গিয়েছিলেন জস বাটলার। কিন্তু জরিমানা হলো বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা ও সাব্বির রহমানের। বাটলারকে প্ররোচিত করার শাস্তিস্বরূপ এ দুজনের ম্যাচ ফির ২০ শতাংশ কাটা গেছে। আর তিরস্কার করা হয়েছে বাটলারকে।

কাল আইসিসির বিবৃতিতে জানানো হয়েছে, আইসিসির আচরণবিধির ২.১.৭ ধারা ভঙ্গের জন্য মাশরাফি ও সাব্বিরকে এ শাস্তি দেওয়া হয়েছে। আর ২.১.৪ ধারায় বাটলারকে করা হয়েছে তিরস্কার। তিনজনই নিজেদের শাস্তি মেনে নিয়েছেন।

এ প্রসঙ্গে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ বলেছেন, ‘জস বাটলারের আউটের পর উদ্‌যাপনের সময় মাত্রা ছাড়িয়েছেন বাংলাদেশি খেলোয়াড়েরা। এতে আউট হওয়া ব্যাটসম্যান আগ্রাসী আচরণ করতে প্ররোচিত হয়েছেন। আমরা সবাই খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখতে চাই, কিন্তু সেটা প্রতিপক্ষকে খোঁচা, উত্তেজিত বা অসম্মান না করেই করা উচিত।’

এই শাস্তির পাশাপাশি তিন খেলোয়াড়ের নামের পাশে যোগ হয়েছে একটি করে ‘ডিমেরিট’ পয়েন্ট। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, আচরণবিধি লঙ্ঘনের জন্য এখন গুরুত্ব বিবেচনা করে ‘ডিমেরিট’ পয়েন্ট দেওয়া হয়। ২৪ মাস সময়ের মধ্যে কোনো খেলোয়াড় ৪ ‘ডিমেরিট’ পেলে সেটি রূপান্তরিত হবে ২ নিষেধাজ্ঞা পয়েন্টে। এর ফলে এক টেস্ট কিংবা ২টি ওয়ানডে বা ২টি টি-টোয়েন্টি নিষিদ্ধ হতে হবে সংশ্লিষ্ট খেলোয়াড়কে। আফগানিস্তান সিরিজেই ২ পয়েন্ট পাওয়ায় সাব্বিরের ‘ডিমেরিট’ পয়েন্ট এখন ৩। সূত্র: আইসিসি বিজ্ঞপ্তি।