মাশরাফিকে ছাড়িয়েও ছুঁতে পারছেন না সাকিব

বিপিএলের সবচেয়ে বেশি ফাইনাল খেলেছেন দুজনছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম বিপিএলের ফাইনাল খেলা হয়নি সাকিব আল হাসানের। ব্যাটে-বলে খুলনা রয়্যাল টাইগার্সকে একাই টেনেছিলেন কিন্তু সেমিফাইনালে হার মেনেছেন।

সে দুঃখ অবশ্য দ্রুতই ভুলেছেন। পরের ছয় বিপিএলে চারবারই ফাইনালে উঠেছেন সাকিব। আজ অষ্টম বিপিএলের ফাইনালে চলে এসেছেন সাকিব। পঞ্চমবারের মতো বিপিএলের ফাইনালে খেলছেন দেশসেরা অলরাউন্ডার।

আজ ফরচুন বরিশালের হয়ে টস করতে নেমে মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে গেছেন সাকিব।

প্রথম পাঁচ বিপিএলের চারটিতেই ফাইনালে উঠেছেন মাশরাফি। প্রথম দুবার (২০১২ ও ২০১৩) ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে। ২০১৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও ২০১৭ সালে রংপুর রাইডার্সকেও ফাইনালে তুলেছেন মাশরাফি। ওদিকে আজকের আগে সাকিবের সব সাফল্য ঢাকার হয়ে। ২০১৩ সালে খেলেছেন গ্ল্যাডিয়েটরসের হয়ে। পরের তিনবার ডায়নামাইটসের হয়ে। টানা তিনবার (২০১৬, ২০১৭ ও ২০১৯) ফাইনালে তুলেছেন তাঁর দলকে।

তবু বিপিএল সাফল্যে মাশরাফির পরই থাকবেন সাকিব। আজ ফাইনালের ফল যা–ই হোক না কেন মাশরাফিকে ছুঁতে পারছেন না তিনি। চারবার ফাইনালে উঠে চারবারই জিতেছেন মাশরাফি। ওদিকে প্রথম দুবার শিরোপা জেতা সাকিব পরের দুবার হেরেছেন রংপুর ও কুমিল্লার কাছে। এবারও ফাইনালে তাঁর প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ানস। দুবার দুই বাঁহাতি ওপেনারের শতক তাঁকে হতাশ করেছে। আজও আরেক বাঁহাতি ওপেনার সুনীল নারাইন ২১ বলে অর্ধ-শতক করে ফেলেছেন।