মাশরাফিকে দলে চান আল আমিন
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের চ্যাম্পিয়ন দল জেমকন খুলনার হয়ে খেলেছেন পেসার আল আমিন হোসেন। খুলনা দলে ছিলেন মাশরাফি বিন মুর্তজাও।
জিম্বাবুয়ের বিপক্ষে গত মার্চে জাতীয় দলের হয়ে সর্বশেষ ওয়ানডে সিরিজেও বাংলাদেশ দলে ছিলেন এই দুই পেসার।
লম্বা বিরতি ও চোট-আঘাতের সঙ্গে লড়ে এবারের বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে মাশরাফি দেখিয়েছেন অভিজ্ঞতার জাদু। সামনের ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও মাশরাফি দলে থাকলে বাংলাদেশ দলের জন্য ভালোই হবে বলে মনে করেন আল আমিন।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে আজ অনুশীলন শেষে আল আমিন বলেছেন, ‘উনি (মাশরাফি) খুব ভালো একজন নেতা। মাশরাফি ভাই অনেক দিন চোটে ভুগেছেন। সবকিছু মিলিয়ে উনি ফিরে এসে ওনার সেরাটাই দিয়েছেন। আমার মনে হয় উনি ভালো অবস্থায় আছেন। যদি নির্বাচিত হন, তাহলে দলের জন্যই ভালো হবে।’
গত মার্চে জিম্বাবুয়ের সিরিজে ওয়ানডের অধিনায়কত্ব ছাড়েন মাশরাফি। এখন দলে এলেও সেটি হতে হবে পারফরম্যান্সের ভিত্তিতে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টির আগে ওয়ানডে টুর্নামেন্টে বিসিবি প্রেসিডেন্টস কাপে অবশ্য মাশরাফি খেলেননি।
পারফরম্যান্সের বিচার করতে গেলে আপাতত তাঁর টি-টোয়েন্টির বোলিংয়ে চোখ দেওয়া ছাড়া উপায় নেই। সেখানে আবার বেশ উজ্জ্বল অভিজ্ঞ এই পেসার।
মাশরাফির টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিংটাই এসেছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে। খুলনাকে ফাইনালে তোলার ম্যাচে ৩৫ রান খরচায় নেন পাঁচ উইকেট।
তবে ওয়ানডের বিবেচনায় থাকতে মাশরাফির জন্য ঘরোয়া টি-টোয়েন্টির পারফরম্যান্স যথেষ্ট কি না, সে প্রশ্ন থাকছে।
এর আগে টিম ম্যানেজমেন্টের ভবিষ্যৎ পরিকল্পনায় মাশরাফির না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন। এখন মাশরাফির ব্যাপারে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয়, সেটিই দেখার বিষয়।
তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ানডে দলে থাকতে হলে প্রতিযোগিতার মধ্য দিয়েই আসতে হবে মাশরাফিকে। মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন তো দলের নিয়মিত সদস্যই। আছেন আল আমিন, শফিউল ইসলাম, হাসান মাহমুদরাও।
পেস বোলিং বিভাগের এই প্রতিযোগিতা উপভোগ করছেন আল আমিনও। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সুযোগ পেলে বাংলাদেশের জয়ে অবদান রাখতে চান তিনি, ‘গত কয়েক মাস আমরা খুবই ভালো ক্রিকেট খেলেছি, প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলিছি। ওয়ানডে টুর্নামেন্ট খেললাম, টি-টোয়েন্টি খেললাম। সব সময়ই জাতীয় দলে খেলার লক্ষ্য থাকে। এমন কিছু করতে চাই, যাতে বাংলাদেশের জয়ে অবদান রাখতে পারি।’