মাশরাফিতে অবাক ম্যাককালাম

একজন মধ্য ত্রিশে ছেড়ে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট। আরেকজন এখনো ভালোভাবেই চালিয়ে যাচ্ছেন। একজন ব্রেন্ডন ম্যাককালাম, আরেকজন মাশরাফি বিন মুর্তজা। গত বছর ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেওয়া ম্যাককালাম বিপিএলে খেলছেন এই প্রথমবারের মতো। তিনি খেলবেন রংপুর রাইডার্সের হয়ে, যে দলের অধিনায়ক মাশরাফি।
মাশরাফি-ম্যাককালাম অবশ্য আগেও এক দলে খেলেছেন। ২০০৯ আইপিএলে দুজন একসঙ্গে খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ৮ বছর পর আবারও ক্রিকেটের দুই মহারথী মিলেছেন এক বিন্দুতে। যে বয়সে জাতীয় দলকে বিদায় জানিয়েছেন, সেই বয়সেই দারুণ গতিতে এগিয়ে চলেছেন মাশরাফি। বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের এই প্রত্যয় আর উদ্যম দেখে ভীষণ মুগ্ধ ম্যাককালাম, ‘কয়েক বছর আগে মাশরাফির সঙ্গে আমি কেকেআরে খেলেছি। আবারও ওকে দেখে ভালো লাগছে। মধ্য ত্রিশেও সে যেভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে এবং সারা বিশ্বে যে সম্মান পাচ্ছে, সেটি দেখে ভালো লাগছে। যতক্ষণ সে মাঠে খেলে, দুর্দান্ত! তার সঙ্গে খেলতে উন্মুখ হয়ে আছি।’
ম্যাককালামকে কাল ঢাকায় স্বাগত জানিয়েছে বৃষ্টি। বৃষ্টির উপদ্রব থেকে রক্ষা মেলেনি আজও। কিন্তু প্রকৃতির বাধায় তো আর হাত-পা গুটিয়ে বসে থাকা যায় না। বৃষ্টি মাথায় নিয়ে মিরপুর ইনডোরে ব্যাটিং অনুশীলন সারতে হয়েছে কিউই তারকাকে। রংপুরকে এগিয়ে নিতে আজ ঢাকায় এসে পৌঁছেছেন আরেক ‘বিস্ফোরক’ ক্রিস গেইল।
ওপেনিং জুটিতে গেইলের সঙ্গে ম্যাককালাম—দুজন একসঙ্গে জ্বলে উঠলে প্রতিপক্ষের বোলারদের কী হবে একবার ভাবুন! জ্যামাইকান ওপেনারের সঙ্গে বিপিএলে জমাট এক জুটি হবে, এমনই প্রত্যাশা ম্যাককালামের, ‘মাঠের বাইরে আমরা খুবই ভালো বন্ধু। আমরা একসঙ্গে কলকাতায় খেলেছি, যেটা ঢাকা থেকে খুব বেশি দূরে নয়। আবারও তার সঙ্গে জুটি বাঁধাটা হবে দারুণ ব্যাপার। ক্রিস অসাধারণ বন্ধু। টি-টোয়েন্টিতে বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান। হয়তো ওকে স্ট্রাইক দেব, দেখব বোলারদের ছাতু করতে!’