মাশরাফিদের জন্য ব্রোঞ্জ-সান্ত্বনা

সোনা জেতার মিশন নিয়ে এসে ব্রোঞ্জ নিয়ে ফিরলে কারোরই খুশি হওয়ার কথা নয়; বরং সেটি হয়ে আসে সান্ত্বনা পুরস্কারের মতো। আজ এশিয়ান গেমস ক্রিকেটের স্থান নির্ধারণী ম্যাচে হংকংকে ২৭ রানে হারিয়ে গতবার সোনা জেতা বাংলাদেশ দল এবার ব্রোঞ্জ নিয়ে দেশে ফিরছে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে এই হংকংয়ের কাছে হেরে অঘটনের শিকার হয়েছিল বাংলাদেশ দল। এবার জয়। কাগজে-কলমে ২৭ রান টি-টোয়েন্টিতে বড় জয়ই। তবে আজও বাংলাদেশকে বেশ যন্ত্রণা উপহার দিয়েছে হংকং। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬২ রান তুলেছিল মাশরাফি বিন মুর্তজার দল। জবাবে মাশরাফির করা প্রথম ওভারেই টানা দুই ছক্কা দিয়ে শুরু করা হংকং ১৬ ওভারে ১০২ রান তুলে ফেলেছিল। শেষ চার ওভারে ১৫-র মতো করে রান তোলার কঠিন চ্যাঞ্জেটা অবশ্য শেষ পর্যন্ত তারা নিতে পারেনি। তবে মোটামুটি ঝোড়ো ব্যাটিং করে ৩৩ রান তুলেছিল। কিন্তু তা যথেষ্ট হয়নি।
সাকিব আল হাসানের ৪৬, মাহমুদউল্লাহর অপরাজিত ৩৫, শামসুর রহমানের ২৬ ও তামিম ইকবালের ২২ রানে বেশ ভালো স্কোর পেয়েছিল বাংলাদেশ। নিষেধাজ্ঞা থেকে ফিরে এই টুর্নামেন্টেই প্রথম খেলতে নামা সাকিব বোলিংয়েও ভালো করেছেন। নিজের প্রথম ওভারে টানা দুই উইকেট তুলে নিয়ে হংকংকে কোণঠাসা করেও ফেলেছিলেন। ৪১ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা হংকং পঞ্চম ও ষষ্ঠ উইকেট জুটিতে ৬১ রান যোগ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। কিন্তু ঘোড়ার মতো লাফিয়ে বেড়ে চলা রান রেটটাকে শেষ পর্যন্ত লাগামে আনতে পারেনি। ৭ উইকেটে ১৩৫ তুলতেই থামতে হয় তাদের।
২২ রানে ৩ উইকেট নিয়েছেন আরাফাত সানি। ২৩ রানে ২ উইকেট সাকিবের। সূত্র: ক্রিকইনফো।