মাশরাফিদের জন্য ল্যাথামের সতর্কবার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও কিছু চান টম ল্যাথাম। ত্রিদেশীয় সিরিজের ট্রফি জেতা হয়ে গেছে। এর চেয়ে বেশি আর কী হতে পারে? নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক নিজেই সেটি পরিষ্কার করে দিয়েছেন। সিরিজে তাদের আরও একটি ম্যাচ বাকি আছে। তাঁর চাওয়া বাংলাদেশের বিপক্ষেও সেই ম্যাচে উন্নতির ধারাটা অব্যাহত থাকুক। যার অর্থ একটাই—অজেয় থেকেই শেষ করবে নিউজিল্যান্ড। আর এই চাওয়া মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশের জন্য একটি সতর্কবার্তাই।
প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫১ রানের জয়। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটে হারানো। আর পরশু নিজেদের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ১৯০ রানে হারিয়ে সিরিজ-সেরার ট্রফিটি জেতা হয়ে গেছে কিউইদের। টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৪৪ রান করে স্বাগতিকদের অলআউট করে দিয়েছে ১৫৪ রানে। আইপিএলে খেলার কারণে নিউজিল্যান্ডের নিয়মিত খেলোয়াড়দের বেশির ভাগই ত্রিদেশীয় সিরিজে ছিলেন না। কেন উইলিয়ামসনের জায়গায় নেতৃত্ব পাওয়া ল্যাথাম তাঁর দলের ধারাবাহিক উন্নতিতে খুশি, ‘প্রতিটি ম্যাচেই উন্নতি করতে চাইবেন আপনি। আজ (পরশু) আমরা এটা করেছি। প্রতিদিনই সব খেলোয়াড়ই তাদের ভূমিকা পালন করছে। এদিনও তাই করেছে। এটাই সবচেয়ে খুশির বিষয়।’


ডাবলিনে আগামীকাল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শেষ হবে মূলত চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতিমূলক ত্রিদেশীয় সিরিজটি। ল্যাথামের কাছে শেষ ম্যাচটিরও গুরুত্ব অনেক, ‘বাংলাদেশের বিপক্ষে আরও উন্নতি করতে চাই আমরা। আর চ্যাম্পিয়নস ট্রফির আগে নির্বাচকদের ভাববার রসদ এনে দিতে চাই।’ আইপিএল থেকে ফিরে আয়ারল্যান্ডের বিপক্ষে পরশু খেলেছেন ম্যাট হেনরি ও কোরি অ্যান্ডারসন। ৩৬ রানে ৩ উইকেট নিয়ে দলের সফলতম বোলার ছিলেন পেসার হেনরি। তাঁর পারফরম্যান্সে খুশি এদিন ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পাওয়া ল্যাথাম, ‘আইপিএল থেকে অভিজ্ঞদের ফিরে পাওয়াটা দারুণ ছিল। আশা করছি, পরের ম্যাচেও তারা ভূমিকা রাখবে।’ কলিন মানরোর বিধ্বংসী ব্যাটিংয়ে শেষ ৪ ওভারে ৭২ রান তোলে নিউজিল্যান্ড। তাঁর ১৫ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংসেই রানের পাহাড়ে উঠতে পারে কিউইরা। চ্যাম্পিয়নস ট্রফির দলে না থাকা মানরোর ইনিংসটি মুগ্ধ করেছে ল্যাথামকে, ‘এমন ইনিংস সে আগেও খেলেছে। আজ আবার তাকে এমন একটি ইনিংস খেলতে দেখাটা ছিল দারুণ।’ এএফপি।