মাশরাফিদের দারুণ জয়
পুঁজি খুব বড় ছিল না কলাবাগান ক্রীড়াচক্রের। টসে জিতে আগে ব্যাট করে ২১৩ রানের বেশি করতে পারেনি মাশরাফি বিন মুর্তজার দল। তারপরও দিনশেষে জয়ী তারাই। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভিক্টোরিয়াকে ২০৫ রানে বেঁধে রেখে ৮ রানের দারুণ এক জয় তুলে নিয়েছে কলাবাগান।
কলাবাগানের ইনিংসে মেহরাব জুনিয়রই ছিলেন প্রাণভোমরা। তাঁর ৮৬ রানের ইনিংসের কল্যাণেই কলাবাগানের সংগ্রহটা দুই শর কোটা পেরিয়েছে। ঠান্ডা মাথায় এক প্রান্ত আঁকড়ে রেখে ১১২ বলে ৪টি বাউন্ডারিতে নিজের ইনিংসটি সাজিয়ে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি।
মেহরাবের পাশাপাশি তাসামুল হক ২২ ও তানভীর হায়দার ২১ রান করেন। শেষ দিকে আবদুর রাজ্জাকের ১২ রানে ২১৩–তে পৌঁছায় কলাবাগান।
ভিক্টোরিয়ার বোলাররাও ছিলেন দারুণ। মাহবুবুল আলম ৫৪ রানে নেন ৩ উইকেট। কামরুল ইসলাম রাব্বী, চতুরাঙ্গা ডি সিলভা ও আল আমিন প্রত্যেকেই নিয়েছেন ২টি করে উইকেট। সোহরাওয়ার্দী শুভ পান একটি উইকেট।
২১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কখনোই থিতু হতে পারেনি ভিক্টোরিয়া। ১৫ রানে প্রথম উইকেট হারানোর পর একপর্যায়ে দলটি পরিণত হয় ৯৫/৫-এ। আবদুল মজিদ, সোহরাওয়ার্দী, মুমিনুল হক—কেউই দলকে এগিয়ে নিতে পারেননি। বিপর্যয়ের মধ্যে আল আমিন আর জুবায়ের আহমেদ যা একটু লড়েছেন, কিন্তু দলকে জয় এনে দিতে পারেননি। আল আমিন ৮ বাউন্ডারির সাহায্যে ৭৭ বলে ৬৭ রান করেন। জুবায়ের করেন ৩৫।
কলাবাগান অধিনায়ক মাশরাফি ১০ ওভার বোলিং করে ২৪ রানে তুলে নেন ২ উইকেট। তবে দলের সেরা বোলার ছিলেন শরীফউল্লাহ—৩২ রানে নিয়েছেন ৩ উইকেট। অভিজ্ঞ আবদুর রাজ্জাক তাঁর বাঁহাতি স্পিনে ৪৫ রানে নেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন দেওয়ান সাব্বির ও শাহবাজ চৌহান।