মাশরাফিদের দুইয়ে ঠেলে শীর্ষে সাকিবরা

শেষ চার নিশ্চিত দুই দলের। লড়াইটা ছিল কেবল পয়েন্ট টেবিলে শীর্ষে থাকার। কাল লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ২১ রানে হারিয়ে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। কুমিল্লা নেমে গেল দুইয়ে।
কুমিল্লার অবশ্য এখনো একটি ম্যাচ বাকি। আগামীকাল সিলেট সুপারস্টারসের বিপক্ষে মাশরাফি বিন মুর্তজার দল জিতলে আবার বদলে যেতে পারে পয়েন্ট টেবিলের চিত্রটা।
১৫৪ রানের লক্ষ্যে খেলতে নেমে কুমিল্লাকে দারুণ শুরু এনে দিয়েছিল ইমরুল কায়েস-মাহমুদুল হাসানের উদ্বোধনী জুটি। ইমরুল যেভাবে শুরু করেছিলেন, লক্ষ্য পেরোনো কঠিন কিছু ছিল না। ড্যারেন স্যামির বলে ২৪ বলে ৩৮ রান করে ইমরুল আউট হওয়ার পরই বিপত্তির শুরু। ৫ ওভারে বিনা উইকেটে ৪৮ থেকে ৯ ওভারে কুমিল্লার রান দাঁড়াল ৪ উইকেটে ৬৩। লড়াই চালিয়ে যেতে আর ভালো জুটি হলো না কুমিল্লার। ১ বল বাকি থাকতে কুমিল্লা অলআউট ১৩২ রানে।
দুই দিন আগে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলে জহুরুল ইসলাম হয়েছিলেন ম্যাচ সেরা। তাঁর ঝলক দেখা গেল কালও। রংপুরের ইনিংসটা ছিল আদতে ‘জহুরুলময়’! অপরাজিত থেকে চোখ ধাঁধানো সব শটে মুগ্ধ করেছেন দর্শকদের। ৫০ বলে ৬২ রানের ইনিংসটা সাজিয়েছিলেন ৭ চার ও ২ ছয়ে।
রংপুর ফ্র্যাঞ্চাইজির কাছে জহুরুলের কৃতজ্ঞতার শেষ নেই। চোটের কারণে এবার বিপিএল খেলার আশাই ছেড়ে দিয়েছিলেন। দুঃসময়ে হাতটা বাড়িয়ে দিয়েছিল রংপুরই। সে আস্থার প্রতিদান দিয়ে চলেছেন নিয়মিতই। ১৯৬ রানে বিপিএলে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এখন তিনি দুইয়ে।
কাল জহুরুলকে কখনো সঙ্গ দিয়েছেন লেন্ডল সিমন্স, সাকিব কখনো বা স্যামি। দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম উইকেটে যথাক্রমে ৩৩, ৩৯ ও ৩৯ রানের তিনটি জুটি নির্ধারিত ২০ ওভারে রংপুরকে দিয়েছে চ্যালেঞ্জিং স্কোর। এ টুর্নামেন্টে নিয়মিত আলো ছড়ানো আবু হায়দার কালও করেছেন দারুণ বোলিং। ২৪ রানে কুমিল্লা পেসার পেয়েছেন ২ উইকেট।
বিপিএলে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু হয়েছিল রংপুরের। তাদের লিগ-পর্ব শেষ হলো জয় দিয়েই।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৫৩/৬ (সিমন্স ১৩, সৌম্য ৫, জহুরুল ৬২*, সাকিব ২০, পেরেরা ৫, স্যামি ২৪, নবী ১২, মিঠুন ১*; মালিক ১/২৩, হায়দার ২/২৮, জাইদি ১/১৪, রাসেল ১/৩৮, মাহমুদুল ০/১০, কামরুল ১/২২, মাশরাফি ০/১২)
কুমিল্লা ভিক্টোরিয়ানসঃ ১৯.৫ ওভারে ১৩২ (ইমরুল ৩৮, মাহমুদুল ৮,শেহজাদ ১০, জাইদি ২, মালিক ১৫, শুভাগত ১২, রাসেল ৯, মাশরাফি ৮, ধীমান ২, আবু হায়দার ১৮*, কামরুল ১; সাকিব ১/৩০, নবী ২/১৩, আরাফাত সানি ১/২৫, পেরেরা ৩/১৮, স্যামি ১/২১, সাকলাইন ২/১৯)
ফল: রংপুর ২১ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: জহুরুল ইসলাম