মাশরাফিদের নিয়ে সতর্ক রনকি

এটা আসলে দুই দলের কাছেই নিয়মরক্ষার ম্যাচ। হারলেও গ্রুপের শীর্ষে থাকবে নিউজিল্যান্ড। বাংলাদেশের হার কিংবা জয় শুধু কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষের নামটাই বদলাতে পারে, আর কিছু নয়। তবে নকআউট পর্বে যাওয়ার আগে শেষ ম্যাচের জয়টা হবে আত্মবিশ্বাসবর্ধক। আর সে কারণেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা নিয়ে সতর্ক কিউই উইকেটকিপার-ব্যাটসম্যান লুক রনকি।
দুই দলের সর্বশেষ ৭ ম্যাচের সবগুলোই জিতেছে বাংলাদেশ। তবে সেগুলো ছিল বাংলাদেশের মাটিতে। নিউজিল্যান্ডের মাঠে কখনো নিউজিল্যান্ডকে হারাতে পারেনি বাংলাদেশ। তার ওপর এ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছে কিউইরা। প্রথম ৫ ম্যাচের সবগুলোয় জিতে নিশ্চিত করে রেখেছে গ্রুপের শীর্ষস্থানও। অন্যদিকে ইংল্যান্ডকে বিদায় করে দিয়ে শেষ আটে জায়গা করে নেওয়া বাংলাদেশ আপাতত গ্রুপের ৪ নম্বরে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় মাশরাফির দলকে দুই কিংবা তিন নম্বরেও তুলে দিতে পারে। স্কটল্যান্ড আর ইংল্যান্ডের বিপক্ষে পরপর দুটি দারুণ জয়ে মাশরাফিদের আত্মবিশ্বাসও দারুণ তুঙ্গে। এই বাংলাদেশকে তাই মোটেও হালকাভাবে নিতে চান না রনকি, ‘ওরা খুব ভালো ক্রিকেট খেলছে। বিশ্বকাপে এ পর্যন্ত মাত্র একটি ম্যাচে হেরেছে। ওরা ধারাবাহিক এবং খেলোয়াড়েরাও ছন্দে আছে। ওদের হারাতে হলে তাই সেরাটাই দিতে হবে আমাদের।’
বাংলাদেশের মাঠে যে দুবার ‘হোয়াইটওয়াশ’ হয়েছে নিউজিল্যান্ড, তাতে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশি স্পিনাররা। তবে নিউজিল্যান্ডের মাঠে স্পিন খুব বড় ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন না রনকি। তার পরও সতর্ক থাকতে চান বাংলাদেশি স্পিনারদের নিয়ে, ‘সত্যিটা হচ্ছে, বাংলাদেশে যতটা টার্ন হয়, এখানে বল এত টার্ন নেয় না। তার পরও স্পিন তাদের বড় শক্তি এবং সেটা ম্যাচেও প্রভাব ফেলতে হবে। আমাদের সেটা মাথায় রেখেই খেলতে হবে।’
দল দারুণ ফর্মে থাকলেও ব্যাট হাতে রনকি নিজে খুব একটা ছন্দে নেই। শ্রীলঙ্কা, স্কটল্যান্ড আর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচে তাঁর স্কোর ২৯*, ১২ ও ৬। ব্যাট করার সুযোগ পাননি ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে। তবে এ নিয়ে মোটেও চিন্তিত নন কিউই উইকেটকিপার, ‘আমার দলের ব্যাটিং ভালো হচ্ছে। আর সেটা হচ্ছে বলে আমি নিজেকে নিয়ে চিন্তিত নই। নেটে আমি খুব ভালো বল মারছি। আশা করছি, ম্যাচেও রান পাব।’ এএফপি।