মাশরাফিদের মান রাখেননি মানরো
এ রকম সমেয় একটা চিন্তাই মাথায় আসে, কখন সিরিজটা শেষ হবে? জয় দিয়ে যখন হারের মিছিল থামানো যাচ্ছে না, মিছিলটা এক দৌড়ে শেষ করে ফেলতে পারলেই ভালো। বাংলাদেশ দল এখন সেই অপেক্ষায়। কখন শেষ হবে বিষাদের পর্ব?
অধিনায়ক বদলে যাবেন। দলেও আসবে অনেক পরিবর্তন। সাদা বলের জায়গায় লাল বল। রঙিন পোশাকের বদলে সাদা পোশাক। এক দিনের জায়গায় পাঁচ দিনের খেলা। ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজের টানা হার দলের ভেতর যে গুমোট আবহাওয়া তৈরি করে রেখেছে, তাতে সজীবতা আনতে এ রকম নতুন কিছুই চাই। নিউজিল্যান্ডের কন্ডিশনে টেস্ট খেলা বাংলাদেশের জন্য আরও কঠিন হবে, সন্দেহ নেই। তবু নতুন কিছু তো! আর নতুনের আকর্ষণ পুরোনোর গ্লানিকে ভুলিয়ে দেয়।
কাল প্রথম টেস্টের দল ঘোষণা করে দিয়ে ক্রিকেটারদের ভবিষ্যৎমুখী হতে সাহায্য করেছে মিনহাজুল আবেদীনের নির্বাচক কমিটি। যা গেছে তা নিয়ে ভেবে আর লাভ নেই। ওয়ানডে ও টি-টোয়েন্টির ব্যর্থতা ঘাঁটাঘাঁটির চেয়ে টেস্ট নিয়ে পরিকল্পনা করতে বসাই ভালো। তার আগে আগামীকাল শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হবে বে ওভালে। নিউজিল্যান্ড সিরিজটা ৩-০-তে জিতবে না ২-১, সেটাই নির্ধারণ হবে এই ম্যাচে।
নিউজিল্যান্ডের টেস্ট দলে কলিন মানরো নেই। তবে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ তাঁকে যা দিয়েছে, সেটাই কম কী? ওয়ানডেতে ক্যারিয়ার-সর্বোচ্চ ৮৭ রান করেছেন এবারের সিরিজেরই প্রথম ম্যাচে। কাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে তো করে ফেললেন আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিই!
ক্রাইস্টচার্চ, নেলসন আর নেপিয়ারের মাঠে অল্প কিছু প্রবাসী বাংলাদেশির উপস্থিতি ছিল। সে তুলনায় মাউন্ট মঙ্গানুইতে লাল-সবুজের সমারোহ অনেক বেশি। বাংলাদেশ দলের টানা হার তাঁদের আবেগকেই বেশি নাড়া দেয়।
এই শহরে শ তিনেক প্রবাসী তো আছেনই, নিউজিল্যান্ডের অন্যান্য অনেক শহর থেকেও অনেক বাংলাদেশি দর্শক কাল এসেছেন বে ওভালে। কিন্তু মানরোর সেঞ্চুরির সুবাদে মাসুমের মতো আরও অনেক বাংলাদেশি দর্শককেই হতাশ করে ম্যাচটা শেষ পর্যন্ত ৪৭ রানে হেরেছে মাশরাফির দল। তাতে এক ম্যাচ বাকি থাকতে নিশ্চিত হয়ে গেল সিরিজ হারও। নিউজিল্যান্ড ১৯৫ রান করে ফেলার পর যেমন মনটাই খারাপ হয়ে যায় ওয়েলিংটন থেকে আসা ব্যবসায়ী মাসুমের, ‘আজ তো অবস্থা খারাপ...।’
বাংলাদেশের ইনিংস শুরুর পর থেকেই আরও মন খারাপ হতে থাকল। বে ওভালের সর্বোচ্চ টি-টোয়েন্টি ইনিংস তাড়া করতে গিয়ে ৩৬ রানেই নেই ৩ উইকেট! ইনিংসের চতুর্থ বলে বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারের প্রথম শিকার ইমরুল কায়েস। চতুর্থ ও পঞ্চম ওভারে ফিরে যান আরেক ওপেনার তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
সাব্বির রহমান-সৌম্য সরকারের চতুর্থ উইকেট জুটি সেখান থেকেই আশা দেখাতে চাইল দলকে। সাব্বির তো ফর্মে ছিলেনই, সৌম্যও হারানো ফর্ম ফিরে পাওয়ার সম্ভাবনা দেখালেন। এই জুটি যতক্ষণ উইকেটে ছিল, টিকে ছিল লড়াইয়ের আশা। কিন্তু ১০ বলের মধ্যে সৌম্য-সাব্বিরের ফিরে যাওয়ায় স্বপ্নেরও মৃত্যু। ৩২ বলে ৪৮ রানের ইনিংসে তিন ছক্কা আর তিন বাউন্ডারি সাব্বিরের।
সবচেয়ে আনন্দের খবর, সৌম্যকে অনেক দিন পর দেখা গেছে তাঁর চেনা ঢঙে। ২৬ বলে ৩৯ রানের পুরো ইনিংসেই ছিলেন আত্মবিশ্বাসী। সোধিকে ওয়াইড লং অন দিয়ে আর ডি গ্র্যান্ডহোমকে লং অন দিয়ে মারা ছক্কা দেখে মনেই হয়নি সিরিজের দুটি ওয়ানডেতে গতিজড়তায় ভুগেছে তাঁর ব্যাট। ট্রেন্ট বোল্টের স্লোয়ার শর্ট বলে হুকটা আরও নিখুঁত হলে বে ওভালে সৌম্য হয়তো আরও বড় কিছুই উপহার দিতে পারতেন।
সাব্বিরের বিদায়ের পর তাসের ঘর বাংলাদেশের ইনিংস। ৩০ রানে শেষ ৬ উইকেটের পতন। যেন ব্যাটিং করতে নয়, নিউজিল্যান্ডের ফিল্ডারদের ক্যাচ প্র্যাকটিস করাতেই মাঠে নেমেছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা! তামিম ইকবালের রানআউটটি ছাড়া বাংলাদেশ দলের বাকি সব ব্যাটসম্যানই আউট হয়েছেন ক্যাচ দিয়ে। বাতাসের প্রভাবের সঙ্গে যেন যোগ হয়েছিল তাঁদের টেকনিকের দৈন্য।
নিউজিল্যান্ড ইনিংসের পুরোটাই ছিল মানরোময়। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে এর আগে সেঞ্চুরি হয়েছে তিনটি। আহমেদ শেহজাদ, রিচি বেরিংটন এবং ব্রেন্ডন ম্যাককালামের পর কাল মানরোও নাম লিখিয়েছেন সে তালিকায়।
বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে তাঁর এই সেঞ্চুরির কথা সবচেয়ে বেশি মনে থাকবে মাহমুদউল্লাহর। ইনিংসের নবম ওভারে নিজের প্রথম ওভারে মাত্র ৪ রান দিয়েছিলেন। কিন্তু ১৩তম ওভারে মাশরাফি আবারও তাঁকে বোলিংয়ে ফিরিয়ে যেন ভুলই করেন। প্রথম, তৃতীয় ও শেষ বলে মানরোর ব্যাট থেকে আসে তিন ছক্কা। মাঝে দুটি বাউন্ডারিসহ মাহমুদউল্লাহর ওই এক ওভারেই মানরো নিয়েছেন ২৮ রান। ৫৪ বলে ১০১ রানের ইনিংসে মানরোর ছক্কা আছে আরও চারটি, যার দুটিই মোসাদ্দেকের এক ওভারে।
মানরোকে ফেরানোর পর ডি গ্র্যান্ডহোম আর নিশামকেও আউট করেছেন পেসার রুবেল হোসেন। মানরোর বিদায়েই শেষ নিউজিল্যান্ডের ব্যাটিং-ঝড়। ইনিংসের শেষ তিন ওভার চার বলে আর মাত্র ২৬ রানই যোগ করতে পেরেছে তারা। তাতেই বা কী? ভান্ডারে জয়োৎসব করার রসদ তো জমা হয়ে গিয়েছিল আগেই।
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৯৫/৭
বাংলাদেশ: ১৮.১ ওভারে ১৪৮
ফল: নিউজিল্যান্ড ৪৭ রানে জয়ী