বিকেল সাড়ে চারটায় বিমান থেকে নেমে গন্তব্য গেমস ভিলেজ। সেখানে পৌঁছেই ঘণ্টা খানেকের মধ্যে স্ট্রেচিংয়ে নেমে পড়া। এশিয়ান গেমস ক্রিকেট খেলতে ইনচনে এসে কাল প্রথম দিনটা এভাবেই কাটল মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ দলের। ব্যাট-বলের প্রথম অনুশীলন হবে আজ।
অনুশীলনের জন্য মূল ভেন্যু ইওনহাই ক্রিকেট স্টেডিয়ামই চেয়েছিল বাংলাদেশ দল। এশিয়ান গেমসের কিউরেটর বদিউল আলমও যেহেতু বাংলাদেশেরই মানুষ, আবদারটা জোরেশোরেই জানানো গেছে। তবে নিরুপায় বদিউল। পরশু মহিলা ক্রিকেটের ফাইনালের দিন হওয়া বৃষ্টির কারণে কালও মাঠ ভেজা ছিল। আজ সকালের মধ্যে সেটি পুরোপুরি শুকানোর সম্ভাবনা নেই বলে বাংলাদেশ দলের অনুরোধটা তিনি রাখতে পারেননি। অনুশীলনের জন্য তাই আজ সকালে যেতে হবে সংদু এলএনজি বেসবল স্টেডিয়াম এলাকার অনুশীলন মাঠে।
হালকা স্ট্রেচিং সেরে কালকের বাকি সময়টা গেমস ভিলেজেই কাটিয়েছেন বাংলাদেশের খেলোয়াড়েরা। গত গুয়াংজু এশিয়াডে ক্রিকেট থাকলেও সেবার বাংলাদেশের হয়ে খেলেনি জাতীয় দল। এবার দলটা জাতীয় দলের তারায় ভরা। বিয়ের জন্য মুশফিকুর রহিম না এলেও মাশরাফি, সাকিব আল হাসান, তামিম ইকবাল—মহারথীদের প্রায় সবাই তো আছেন দলে!
দলের বেশির ভাগ খেলোয়াড়ের জন্য গেমসে খেলতে আসা এবারই প্রথম বলে বেশ রোমাঞ্চিত সবাই। কাল রাতে টেলিফোনে গেমস ভিলেজ থেকে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলছিলেন, ‘আমরা বেশির ভাগ ক্রিকেটার এই প্রথম এশিয়ান গেমসে এলাম। গেমস ভিলেজে একসঙ্গে অনেক অ্যাথলেট থাকে। সবার সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। এটা অন্য রকম অভিজ্ঞতা।’
গতবারের সোনাজয়ী দল হিসেবে এবার বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। ১ অক্টোবরের সে ম্যাচে সম্ভাব্য প্রতিপক্ষ প্রথম পর্বের ‘বি’ গ্রুপে থাকা কুয়েত, নেপাল অথবা মালদ্বীপ। ‘এ’ গ্রুপে থাকা মালয়েশিয়া, চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে, কোয়ার্টার ফাইনালে তারা খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। আর এই দুই কোয়ার্টার ফাইনালের জয়ী দল মুখোমুখি হবে ২ অক্টোবরের দ্বিতীয় সেমিফাইনালে।
প্রতিপক্ষের শক্তি বিবেচনায় বলেই দেওয়া যায়, সেমিফাইনালটা হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যেই। মাশরাফি অবশ্য এখনই অতটা ভাবতে রাজি নন, ‘কোনো সন্দেহ নেই শ্রীলঙ্কা ভালো দল। উপুল থারাঙ্গাসহ বেশ কয়েকজন ভালো ক্রিকেটার আছে দলে। তাদের সঙ্গে সেমিফাইনাল খেলতে হলে সেটা আমাদের জন্য চ্যালেঞ্জই হবে। তবে এখনই আমরা শ্রীলঙ্কার কথা ভাবছি না। আগে প্রথম ম্যাচটা জিততে চাই।’
তবে চূড়ান্ত লক্ষ্য একটাই, গতবার জেতা সোনাটা ধরে রাখতে চান অধিনায়ক, ‘একটা একটা করে ম্যাচ জিতে এগোতে চাই আমরা। সে ক্ষেত্রে গুরুত্ব দিতে চাই প্রথম ম্যাচটাকেও। তবে লক্ষ্য আমাদের সোনা জয়।’
মাশরাফির জন্য আরও একটা কারণেও চ্যালেঞ্জিং এবারের এশিয়া কাপ। চোটাঘাতের কারণে জাতীয় দলের অধিনায়কত্ব পেয়েও দায়িত্বটা বেশি দিন চালিয়ে যেতে পারেননি এই পেসার। কিন্তু এবার আবারও কাঁধে চেপেছে অধিনায়কের দায়িত্ব। তা সেটা কেমন উপভোগ করছেন মাশরাফি? ‘মাত্র তো দল নিয়ে এলাম। এখনই কিছু বলা যাবে না আসলে। তবে বোর্ড আমাকে যে দায়িত্ব দিয়েছে, সেটা ভালোভাবে পালন করতে চাই’—টেলিফোনে বলছিলেন এশিয়ান গেমসে বাংলাদেশ দলের অধিনায়ক।
মাশরাফির জন্য এই দায়িত্ব পালন যথেষ্টই গুরুত্বপূর্ণ। টেস্ট ও ওয়ানডের জন্য আলাদা অধিনায়কের যে চিন্তা করছে বিসিবি, সেখানে যে ওয়ানডের সম্ভাব্য অধিনায়ক হিসেবে নাম আছে তাঁরও!