মাশরাফির আসল চ্যালেঞ্জ

মাঠে অসাধারণ নেতৃত্ব দিয়ে একের পর এক ম্যাচ জেতাচ্ছেন। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মাঠের বাইরেও অনুকরণীয় এক চরিত্র। কাল ছাপিয়ে গেলেন নিজেকেও। দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে আসা এই মাশরাফির চিন্তা, দর্শন সবই যেন আলাদা।
অবাক করলেন প্রথম প্রশ্নের উত্তরেই। ১-১ করার পর এখন সিরিজ জয়টা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল কি? মাশরাফি চ্যালেঞ্জ শব্দটাকে ছক্কা মারার মতোই উড়িয়ে মারলেন, ‘আমি মনে করি, প্রতিটি দিনই একেকটি চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ বলতে বুঝি আমার ছোট্ট একটা ছেলে আর মেয়ে আছে, তাদের মানুষ করাই আমার চ্যালেঞ্জ। ওটার চেয়ে বড় চ্যালেঞ্জ আমার কাছে আছে বলে মনে হয় না।’ শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে যেন কথা বলছিলেন অকুতোভয় এক নেতা।
এমন এক নেতা তিনি, খারাপ সময়েও ছাতা ধরেন সতীর্থদের মাথার ওপর। ভালো সময়ে তো কথাই নেই। কাল সবার মুখেই যেমন সৌম্য সরকার ও মাহমুদউল্লাহর প্রশংসা। মাশরাফিও ব্যতিক্রম নন, ‘উইকেট বেশ কঠিন ছিল। সৌম্য বলল যে বল ব্যাটে সেভাবে আসছিল না। রিয়াদ-সৌম্য উইকেটে বেশ ভালোভাবে মানিয়ে নিতে পেরেছে। ওরা উইকেটে বেশ কিছুক্ষণ থেকে খেলার সুযোগ পেয়েছে বলে ভালো করেছে।’
৮৮ রানে অপরাজিত ছিলেন সৌম্য। ম্যাচ শেষ করে আসতে পারছিলেন না বলে অনেক কথা হচ্ছিল, দিলেন সেটির জবাব। মাহমুদউল্লাহও করতালি পাবেন। চোট সেরে গত ম্যাচে প্রথম বলেই এলবিডব্লু। ঘুরে দাঁড়ানোর ম্যাচে দলকে দিলেন নির্ভরতা। মাশরাফিও তাই আলাদা করে প্রশংসা করলেন মাহমুদউল্লাহর, ‘রিয়াদ খুব ভালো খেলেছে। আঙুলের ইনজুরির পর স্বাভাবিক ছন্দে ফেরা ছিল কঠিন। এটা বাইরে থেকে দেখতে খুবই ভালো লেগেছে।’
তবে দক্ষিণ আফ্রিকার স্কোরই বলে দিচ্ছে, সৌম্য-মাহমুদউল্লাহর কাজটা সহজ করে দিয়েছিলেন বাংলাদেশের বোলাররাই। মাশরাফিও পিঠ চাপড়ে দিলেন তাঁদের, ‘বিশ্বকাপ থেকেই বোলাররা ভালো করছে। নির্দিষ্ট কারও নাম বলব না, বোলিং ইউনিট ভালো করছে, এই আত্মবিশ্বাস আমাদের ছিল। আজ বোলাররা ব্যাটসম্যানদের কাজটা সহজ করে দিয়েছে। এটাই আমি চাইছিলাম।’
দক্ষিণ আফ্রিকার মতো দল মাত্র ১৬২ রানে অলআউট। ম্যাচের আগে এ তো ছিল ভাবনার বাইরে। আবার নিজেদের ফিরে পেতে এমন কিছুরই দরকার ছিল। তবে আর সবার মতো মাশরাফিও এতটা ভাবেননি, ‘সত্যি বললে দক্ষিণ আফ্রিকাকে ১৬০ রানে অলআউট করার কথা ভাবিনি।’
চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে কয়েক দিন ধরেই বিস্তর গবেষণা চলছে। আরেকটা জয় চাই, তাহলেই ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির টিকিট নিশ্চিত। কাল সেই জয়টা আসার পর যথারীতি প্রশ্ন, এখন চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে কী ভাবছেন...ইত্যাদি। শুনে মাশরাফিকে একটু বিরক্তই লাগল, ‘আজকে কেন এত চ্যাম্পিয়নস ট্রফি, চ্যাম্পিয়নস ট্রফি শুরু হয়েছে, আমি জানি না। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো প্রতিটি ম্যাচ জেতার চেষ্টা করা। তাই ওটা নিয়ে এখনই কিছু ভাবছি না।’
এতক্ষণ নিজের ক্রিকেট মস্তিষ্ক দিয়ে সবকিছু বিশ্লেষণ করছিলেন। শেষ প্রশ্নে বেবিয়ে এলেন অন্য এক মাশরাফি। দক্ষিণ আফ্রিকা চাপের মুখে ভেঙে পড়ে, তাদের গায়ে সেঁটে গেছে ‘চোকার্স’ তকমা। আজও কি চাপই তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়াল?
মাশরাফি ব্যাপারটাকে দেখেন ভিন্নভাবে। ‘চোকার্স’ শব্দটার সঙ্গেই তিনি একমত নন, এটি মুখেও আনতে তাঁর আপত্তি, ‘আমি জানি না, কোনো দলের খেলোয়াড়দের এভাবে বলা উচিত কি না। আমি মনে-প্রাণে বিশ্বাস করি, একটা জাতিকে এভাবে আঘাত করা ঠিক নয়। পুরো দেশটাই এতে কষ্ট পায়। ব্যক্তিগতভাবে এটা আমার কাছেও কষ্টদায়ক মনে হয়।’
জয়ের আনন্দের মধ্যেও মাশরাফি ছাড়া এমন কথা আর কে বলতে পারেন!