মাশরাফির উপভোগের মন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফি বিন মুর্তজা
মাশরাফি বিন মুর্তজা

স্বপ্ন ছিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ। সে স্বপ্ন পূরণ হওয়ার পর এখন নতুন স্বপ্ন—ভারতকে হারিয়ে যদি সেমিফাইনালটাও খেলা যায়! স্বপ্নের মালা গেঁথে এই পর্যন্ত এসে তৃষ্ণাটা বেড়েই চলেছে। অথচ আজ মেলবোর্নেই শেষ হয়ে যেতে পারে বাংলাদেশের বিশ্বকাপ। সেই আশঙ্কার কথা কারও যেন মাথায়ই নেই!
ভেতরে ভেতরে ভারত-বধের প্রতিজ্ঞা বাংলাদেশ শিবিরেও। তবে কথাটা মুখে আনেননি মাশরাফি বিন মুর্তজা। তিনি বলছেন উপভোগের কথা। অধিনায়কের প্রত্যাশা—ভারতের বিপক্ষে আজকের ম্যাচটা দলের সবাই উপভোগ করবে। কাল এমসিজির সংবাদ সম্মেলনে মাশরাফি বলছিলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে জেতার পর থেকেই বিশ্বকাপটা সবাই উপভোগ করছি। কালকের (আজ) জন্য আমরা সেরা প্রস্তুতি নিতেই চেষ্টা করেছি, যাতে সেরা খেলাটা খেলতে পারি। সবাই মিলে ম্যাচটা উপভোগ করতে চাই।’
একটু কান পাতলে মাশরাফির উপভোগের মন্ত্রের মধ্যেই শোনা যাবে আরেকটি স্বপ্নপূরণের প্রতিজ্ঞা। প্রত্যাশামতো সবকিছু হলেই না উপভোগ ব্যাপারটা আসে! সরাসরি জয়ের কথা না বললেও অধিনায়ক ঘুরিয়ে-ফিরিয়ে বোঝাতে চাইলেন সেটাই। একবার বললেন, ‘আমরা মনোযোগ দিচ্ছি খেলাতে। ভালো করলে সুযোগ থাকবেই...।’ আবার তাঁর মুখেই শোনা গেল, ‘আমরা যে রকম আশা করেছিলাম সেভাবেই খেলছি। কালকের (আজ) ম্যাচটাও আমরা সেভাবেই খেলার চেষ্টা করব। খারাপ দিন আসতেই পারে। সেখান থেকে ফিরে আসতে পারলে অবশ্যই ভালো কিছু হবে।’ অন্য এক প্রশ্নের উত্তরে তিনি আরও নির্ভীক, ‘আমাদের ভয়ের কোনো কারণ নেই। আমরা ভয় করছিও না।’
তার মানে ভারত ম্যাচের আগে সম্ভাব্য প্রতিকূল পরিস্থিতিও ভেবে রাখছেন মাশরাফি। কিন্তু ভারতের মতো দল, যারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, এই বিশ্বকাপেও এখন পর্যন্ত অপ্রতিরোধ্য; তাদের থামিয়ে দেওয়া কি সহজ? ‘ওরা সব দিক থেকে এগিয়ে আছে’ মেনেও মাশরাফি আশা হারাচ্ছে না, ‘যুক্তিতর্ক দিয়ে তো মাঠে খেলা হয় না। কথা দিয়ে ক্রিকেট খেলা হবে না। সব দিক চিন্তা করলে অবশ্যই ভারত এগিয়ে। কিন্তু ভালো ক্রিকেট খেললে ভালো কিছু করা সম্ভব।’
বিশ্বকাপে ভারতের মুখোমুখি হওয়া মানেই ২০০৭-এর স্মৃতি ফিরে আসা। মাশরাফি-সাকিবদের অবচেতন মনেও আছে সেটা। কিন্তু শুধু আট বছর আগের ওই সুখস্মৃতি আঁকড়েই ম্যাচ জেতা যাবে, এমনটা মনে করেন না মাশরাফি, ‘২০০৭ সালেও ভারতীয় দল অনেক ভালো ছিল। অনেক গ্রেট খেলোয়াড় ছিল দলে। শচীন, সৌরভ, শেবাগ ছিল। কিন্তু আমি দুটো ম্যাচকে আমি মেলাতে চাই না। আমার মনে হয় না মাঠে এসব সাহায্য করে। ওটা কেবলই একটা ভালো স্মৃতি।’
মহেন্দ্র সিং ধোনির এবারের ভারতের বিপক্ষে খেলাটাকে তাঁর কাছে বরং চ্যালেঞ্জই মনে হচ্ছে। চ্যালেঞ্জটা বোলার-ব্যাটসম্যান সবার জন্যই। ভারতকে হারানোর দায়িত্ব তাই শুধু বোলার বা ব্যাটসম্যানদের কাঁধে তুলে দিতে রাজি নন মাশরাফি, ‘আমার মনে হয় আমরা যদি সব দিক দিয়ে ভালো খেলি, কত রান হলো সেটা কোনো ব্যাপার হবে না। হয়তো দেখা গেল ২৭০-২৮০ রান করেও ভালো বল করে আমরা ম্যাচটা জিতে গেছি। সব দিক দিয়ে ভালো খেললে অবশ্যই সুযোগ থাকবে।’
বিশ্বকাপের প্রতিটা ভেন্যুতেই দারুণ সমর্থন পেয়েছে বাংলাদেশ দল। যেখানেই খেলতে গেছে, লাল-সবুজ পতাকা উড়েছে পত পত করে। সে তুলনায় এমসিজিতে আজ হয়তো বাংলাদেশের সমর্থন একটু কমই থাকবে। গ্যালারির বেশির ভাগ অংশজুড়ে থাকবে তেরঙ্গার উপস্থিতি। তবে বাংলাদেশ অধিনায়ক এটাকে দেখছেন পেশাদারি দৃষ্টিতে, ‘৯৫ হাজার দর্শক থাকবে মাঠে এবং তাদের বেশির ভাগই ভারতের সমর্থক। তার পরও পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের মনোযোগ রাখতে হবে খেলাতেই। তা ছাড়া ভারতীয় সমর্থকদের সমান না হলেও গ্যালারিতে বাংলাদেশের কিছু সমর্থক তো থাকবেই।’
এমসিজির গ্যালারির সেই ক্ষুদ্র অংশের সঙ্গে বাংলাদেশেও আজ কোটি কোটি চোখ আটকে থাকবে টিভি পর্দায়। সবার কামনা একটাই—বাংলাদেশের জয়। মাশরাফির কাছে এটাও অনেক বড় শক্তি, ‘১৬-১৭ বছর ধরে সমর্থকরা আমাদের পাশে আছে। আমরা হারি বা জিতি, তারা ঠিকই মাঠে এসে আমাদের সমর্থন করে। এবার তারা বাংলাদেশ থেকেই আমাদের সমর্থন করছে। যারা অস্ট্রেলিয়ায় আছে তারাও মাঠে এসে সমর্থন দিয়ে যাচ্ছে। আশা করি কালও (আজ) তারা সেটা করবে।’
সঙ্গে ১৬ কোটি মানুষের শক্তি। এমসিজির সবুজ ঘাসে আজ বিজয়ের লাল বৃত্ত কেন আঁকবে না বাংলাদেশ!