মাশরাফির উৎসাহেই নাসিরের বোলিং

সনদটা মাশরাফি বিন মুর্তজাই দিয়েছিলেন দ্বিতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেই। নাসির হোসেন প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘ওয়ানডেতে ও আমাদের অন্যতম সেরা অফ স্পিনার।’
একটা সময় যিনি কিনা বিবেচিত হতেন ‘ফিনিশার’ হিসেবে, সেই নাসির এখন বিবেচিত হচ্ছেন দলের অন্যতম সেরা অফস্পিনার হিসেবে! শুনে আজ নাসির একচোট হাসলেন। স্বভাবসুলভ রসিকতায় বললেন, ‘যে বনে বাঘ নেই, সেখানেই বিড়ালই বাঘ!’ মুহূর্তেই হাসির রোল পড়ল সংবাদ সম্মেলনে। এরপর যোগ করলেন, ‘আমাদের একাদশে অফস্পিনার নেই। এ কারণে হয়তো তিনি (মাশরাফি) আমাকে অন্যতম সেরা বলেছেন।’
ভারতের বিপক্ষে দুই ম্যাচেই ভালো বোলিং করেছেন নাসির। প্রথম ম্যাচে ৬.৪ ওভার বল করে দিয়েছেন ৩১ রান। অবশ্য উইকটে পাননি। তবে দারুণ বোলিং করেছেন সর্বশেষ ম্যাচে। পুরো ১০ ওভার বল করে দিয়েছেন ৩৩ রান। পেয়েছেন মূল্যবান দুই উইকেট। সবচেয়ে বড় কথা, দুই সেট ব্যাটসম্যান বিরাট কোহলি ও শিখর ধাওয়ানকে ফিরিয়ে দলের অতিপ্রয়োজনীয় ব্রেকথু্র এনে দিয়েছিলেন নাসিরই।
৪৯ ওয়ানডে ক্যারিয়ারে নাসির এর আগে একবারই ১০ ওভার বল করেছিলেন, ২০১৩ সালের নভেম্বরে, নিউজিল্যান্ডের বিপক্ষে। মজার ব্যাপার হচ্ছে, ওই ম্যাচেও নাসির দিয়েছিলেন ৩৩ রান। অবশ্য উইকেটশূন্য ছিলেন সেদিন।
এখন কি তবে ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন? জবাবে নিজের ব্যাটিং সত্ত্বাকেই বড় করে তুললেন, ‘আমি আসলে ব্যাটসম্যান-অলরাউন্ডার, বোলিংটা খন্ডকালীন। বল করলে চেষ্টা করি, ভালোভাবে করতে।’ সঙ্গে এও যোগ করলেন, ‘হয়তো এখন বেশি বোলিং করছি। রোয়ানের (স্পিন কোচ রোয়ান কালপাগে) সঙ্গে কাজ করছি। আসলে বোলিংটা সবসময়ই উপভোগ করি।’
সাম্প্রতিক সময়ে নাসিরের বোলার হয়ে ওঠার পেছনে মাশরাফির বিরাট অবদান রয়েছে। বাংলাদেশ অধিনায়ক সব সময়ই উত্সাহ জুগিয়েছেন তাঁকে এ ব্যাপারে। নাসির তাই বললেন, ‘মাশরাফি ভাই সবসময়ই বলেন, “তুই যখন বোলিং করবি, ভাববি না তুই পার্ট টাইমার।”’ মূল বোলার হিসেবেই তিনি আমাকে বল করতে বলেন। এ ধরনের ছোট ছোট কথা আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয়।’
গত ম্যাচে পেয়েছেন কোহলির মতো বড় উইকেট। নাসিরের বলটা সেদিন বুঝতেই পারেননি ভারতীয় ব্যাটিং সেনসেশন। কোহলির উইকেটটি পাওয়ায় স্বাভাবিকভাবেই ভালো লেগেছে। তবে সেটি যতটা না ব্যাটসম্যানের নামের কারণে, তার চেয়ে বেশি দলের কারণে, ‘যত বড় ব্যাটসম্যানই হন না কেন, আউট হতে একটা ভালো বলই লাগে। তখন আমাদের একটা ব্রেক-থ্রু দরকার ছিল। কারণ ওই জুটিটা (ধাওয়ান-কোহলি) দাঁড়িয়ে যাচ্ছিল। জুটি ভাঙতে পারার কারণেই বেশি ভালো লেগেছে।’
সংবাদ সম্মেলনে যত কথা হলো, বেশির ভাগই নাসিরের বোলিং-সংক্রান্ত। হবে না কেন? গত পাঁচ ওয়ানডেতে ব্যাটসম্যান নাসিরকে দেখা গেল সামান্যই। তবে কি ‘ফিনিশার’ তকমা ছাপিয়ে ‘বিশেষজ্ঞ বোলার’ হয়ে উঠছেন?
জবাবে যে উত্তরটা দিলেন নাসির, তাতে কেবল হাসতেই মন চাইবে আপনার। বললেন, ‘পাকিস্তান সিরিজে মাত্র এক বল ব্যাট করেছি। ভারত সিরিজেও ব্যাট করার সেরকম সুযোগ পাচ্ছি না (প্রথম ম্যাচে ২৭ বল খেলেছিলেন)। তার আগেই তো খেলা শেষ হয়ে যাচ্ছে! কী আর বলব, এই তো!’
তাই তো, নাসির আর কী বলবেন! বরং অনুযোগের সুরে পাড়ার ক্রিকেটের মতো গোঁ ধরতে পারেন, ‘আগামী ম্যাচে ব্যাট না দিলে ফিল্ডিং করব না’!