মাশরাফিদের গা ঝাড়া দিয়ে ওঠার বার্তা
>♦ আজ ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ।
♦ মাশরাফি বলছেন, ফাইনালে গা ঝাড়া দিয়ে ওঠার বার্তা।
♦ ফাইনাল মিরপুরে, ২৭ জানুয়ারি, শনিবার।

শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে, এটাই বাংলাদেশের দর্শকদের মন খারাপ হওয়ার জন্য যথেষ্ট। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যে পাঁচ-ছয় হাজার দর্শক খেলা দেখতে এলেন, তাঁদের মনটা আরও বেশি খারাপ। দুই দল মিলে খেলল ৩৫.৫ ওভার। সোয়া তিন ঘণ্টার মধ্যেই খেলা শেষ—গাঁটের পয়সা খরচ করে এমন খেলা কে দেখতে চায়!
কেউ কেউ তো রসিকতা করে বললেন, ইতিহাসের সবচেয়ে দ্রুত দিবা-রাত্রির ম্যাচ হয়ে গেল না তো আজ? ফ্লাডলাইট তো দূরের কথা, খেলাটা শেষ হয়ে গেল ভরদুপুরেই। দিনের আলোয় বাংলাদেশকে অন্ধকারে ডুবিয়ে জয়ের উল্লাসে মেতে উঠল শ্রীলঙ্কা। সফরকারীদের জয়টাও যেনতেন নয়—১০ উইকেটে। বাংলাদেশ হারতেই পারে। কিন্তু যেভাবে হারলেন মাশরাফিরা, সেটির ব্যাখ্যা কী?
সাধারণত পরাজিত দলের অধিনায়ক-খেলোয়াড়দের সংবাদ সম্মেলন হয়ে যায় প্রথমেই। পরে আসেন বিজয়ী দলের অধিনায়ক-খেলোয়াড়েরা। অলিখিত এ রীতি মেনে গত তিন ম্যাচে বাংলাদেশ দলের খেলোয়াড় কিংবা অধিনায়ক এসেছেন পরে। আজ হেরে যাওয়ায় বিষণ্ন মনে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে সংবাদ সম্মেলনে আসতে হলো আগে।
হারের ব্যাখ্যায় মাশরাফি বললেন, এই হারটা তাঁদের ফাইনালে জেগে ওঠারই ডাক, ‘আমরা জানি যে শ্রীলঙ্কা আমাদের হারাতে পারে। এভাবে আমরা হারব, সেটা কেউই প্রত্যাশা করিনি। ড্রেসিং রুমের কেউই এটা বিশ্বাস করে না যে আমাদের শ্রীলঙ্কা হারাতে পারে না। শেষ তিন ম্যাচ যেভাবে খেলেছি, এরপর এভাবে হারব সেটা হয় না। ম্যাচ নিয়ে এখন বিশদ ব্যাখ্যা করাও কঠিন। যেভাবে আমরা শেষ তিন ম্যাচ খেলেছি, সেভাবেই আমাদের চিন্তা করতে হবে। আমাদের ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। ফাইনালের আগে এটা আমাদের জেগে ওঠার বার্তা। স্নায়ু আরও শক্ত করতে হবে।’
উড়তে থাকা দলটা হঠাৎ গোত্তা খাওয়া ঘুড়ির মতো কেন মুখ থুবড়ে পড়ল, পরশু ফাইনালের আগে সেটির ব্যাখ্যা নিশ্চয়ই খুঁজে বের করবে টিম ম্যানেজমেন্ট। কিন্তু শ্রীলঙ্কাকে আগের ম্যাচে ১৬৩ রানে উড়িয়ে দেওয়ায় একটু বেশিই আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ? মাশরাফি তা মনে করেন না, ‘কাল রাতেও যখন মিটিং হয়েছে, কারও মধ্যে এই ভাবনা দেখিনি। জিম্বাবুয়ের বিপক্ষে এমন (অতিরিক্ত আত্মবিশ্বাসী) থাকার সুযোগ ছিল না, শ্রীলঙ্কার বিপক্ষেও না-ই। যেটা বলতে পারেন আমরা খুবই বাজে ক্রিকেট খেলেছি। আমাদের একটা বাজে দিন গিয়েছে।’
এটাকে মন্দের ভালোও বলতে পারেন মাশরাফি, বাজে দিনটা যে ফাইনালের আগেই চলে গেছে!